সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দুই দলের। তাই এই লড়াইটি ছিল নকআউটে ভারত কিংবা পাকিস্তানের কঠিন পরীক্ষা সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি সেরে নেওয়ার মঞ্চ। শ্রীলঙ্কা ‘এ’ দল সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের রসদ কুড়িয়ে নিলেও, বাংলাদেশ ‘এ’ দল করল ঠিক তার উল্টোটা। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ১৪৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। আর জবাবে মাত্র ২১ ওভার পাঁচ বলেই সাত উইকেটের দাপুটে জয়ে সেমির প্রস্তুতিটা সেরে নেয় লঙ্কানরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। ওপেনিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান জুটিতে দলকে ভালো ভিত দেওয়ার চেষ্টা করেন। পারভেজ ২৯ বলে ৩২ রান করে আক্রমণাত্মক মেজাজ দেখান, আর সাইফ ৩৬ বলে খেলেন ২৮ রানের ইনিংস। কিন্তু এই ওপেনিং জুটি ভাঙার পরই পথ হারায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
ব্যাটিং বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন ইফতেখার হোসেন। ৭৫ বল খেলে মাত্র একটি চারে ৩১ রান করলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হতে থাকে।

বাংলাদেশের ব্যাটারদের এই অসহায়ত্বের মূল কারিগর ছিলেন লঙ্কান বোলাররা। রবিন্দু ফার্নান্দো দশ ওভারে ৩০ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দেন ওয়ানুজা সাহান, যিনি নয় ওভারে তিনটি মেডেনসহ মাত্র ২০ রানে নেন তিনটি উইকেট।
১৪৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। ওপেনার নিশান মাদুশকা ৫৯ বলে ৫১ রানের দায়িত্বশীল এক ফিফটি তুলে নেন। তাকে যোগ্য সঙ্গ দেন পবন রত্নায়াকে। মাত্র ৩৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন তিনি।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ প্রায় হাতছাড়া হতে বসেছিল। শেষ উইকেটের রোমাঞ্চে উতরে গিয়ে কোনোমতে সেমিফাইনালের টিকিট কেটেছিল দল। সেই ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে আবারও সেই পুরোনো রোগেই ভুগল ব্যাটিং বিভাগ।

অভিজ্ঞ মুখ থাকার পরও নিয়মিত বিরতিতে উইকেট হারানো এবং বোর্ডে পুঁজি জমা করতে না পারা নকআউটের আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৭ নভেম্বর দোহায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত কিংবা পাকিস্তানের মুখোমুখি হবে সাব্বির-আফিফরা।











