শেষ সিরিজের দল থেকে ছয়জন বাদ। নতুন কোনো মুখ নেই, বরং ঘুরিয়ে ফিরিয়ে পুরোনোদের নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকতদের নাম কাটা গেছে।
পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে মিশন। সেই লক্ষ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে ছয়জনকে সরিয়ে নতুন করে পুরোনো পাঁচজনকে জায়গা দেওয়া হয়েছে। সাইফ, সৌম্য, মোসাদ্দেক, হাসান মাহমুদ, আলিস আল ইসলাম আর নুরুল হাসান সোহান, বাদ পড়া ছয়জনের মধ্যে এরাই আছেন।
দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ, টেস্ট স্কোয়াডে থাকায় অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকাতেই। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাঁকে সবখানেই ফিরিয়ে এনেছে। সেই সঙ্গে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ এবং জাকের আলী অনিক।

তবে এখানেই প্রশ্নটা চলে আসে। রাইজিং স্টারস এশিয়া কাপ খেলা চলছে, যেখানে বাংলাদেশ এ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইমন এবং ইয়াসির। দলের অধিনায়ক সাইফকে বাদ দেওয়া হয়েছে, পারফরম্যান্স বড় কারণ, সঙ্গে হয়তো এশিয়া কাপকেও মাথায় রাখা হয়েছে।
তবে খটকার জায়গা ভিন্ন, ইয়াসির আলী এবং ইমনদের ম্যাচ ২৯ তারিখ, আর ফাইনালে যদি বাংলাদেশ পৌঁছে যায় সেই খেলাটা ১ তারিখ। অর্থাৎ বাংলাদেশের প্রথম ওয়ানডে, সেক্ষেত্রে ইমন-ইয়াসির কি সব ছেড়েছুড়েই দক্ষিণ আফ্রিকায় আসবেন, নাকি বাংলাদেশ ধরেই নিয়েছে তারা ফাইনাল খেলবে না।
সব মিলিয়ে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।











