টি-টোয়েন্টিতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে পাকিস্তান জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। তবে সেই জবাব দিতে যেন নতুন করেই নিজেকে তৈরি করছেন তিনি। আইএলটি-টোয়েন্টিতে তাই দেখা গেল আক্রমণাত্মক বাবরকে। টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাবর নিজের দ্বিতীয় ভার্সনটা সামনে আনলেন।
সোমবার শারজাহতে শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নামে ডেজার্ট ভাইপার্স। স্কোরটা বাবরের হাতের নাগালেই, সব একেবারে সাজানো। মঞ্চে তাই বাবর এলেন, ঘোষণা দিলেন, এই কাজটা আমি একাই করে দেব।
অ্যাডাম মিলনের বলে ফ্লিক করে ডিপ মিডউইকেটে চার মেরে রানের খাতা খোলেন তিনি। এরপর থেকে শুরু হয় বাবর শো। বল যেখানেই যেভাবে পড়ুক সেটাকে বাউন্ডারিতে পাঠানোর এক অভূতপূর্ব তাড়না ছিল বাবরের মধ্যে। আগ্রাসনের সাথে ক্লাসের মিশেলে বোলারদের জন্য ততক্ষণে দুর্বিষহ হয়ে উঠেছিলেন বাবর।

ফিফটি এলো, তবে বাবর তাতেও থামলেন না। যেন একাই শেষ করবেন সবকিছু, ফিনিশিং লাইনে টানিয়ে রাখা দড়ি ছুঁয়ে ফেলবেন একাই। শেষমেশ যখন থামলেন নামের পাশে ৫১ বল খেলে জমা হয়েছে ৮৬ রান। সাতটি চার ও দুটি ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেটটা ১৬৮। আর ডেজার্ট ভাইপার্স তখন জয় থেকে মাত্র ১৫ রান দূরে। অর্থাৎ কাজের কাজ করে দিয়েই ফিরেছেন বাবর আজম।
এই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ব্যাটিংয়ের ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাবর। চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। মূলত স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার কারণেই এমন সিদ্ধান্ত নেয় দল। এরপর মাঝের সারিতে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বিশ্বকাপের পর থেকে আর পাকিস্তানের হয়ে খেলা হয়নি তাঁর।
পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তান দল থেকে বাদ পড়ার আগে ১৭০ বা তার কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯০টি ইনিংস খেলেছিলেন বাবর। এসব ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১৪.৫৭। তবে চলতি বছরের পাকিস্তান সুপার লিগে নিজেকে বদলানোর ইঙ্গিত দেন তিনি। পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানোর পথে ৫৮৮ রান করেন ৭৩.৫০ গড়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫.৯০। আর আইএল টি-টোয়েন্টিতেও বজায় রাখলেন সেই ধারা। অভিষেক ম্যাচে নেমেই একেবারে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও ঢুকিয়ে নিলেন নিজের থলিতে।











