সব রেকর্ডই ভাঙলেন বৈভব!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি, এক ইনিংসে ২৮টা ছয়! লিস্ট এ ক্রিকেটে এর আগে যেটা কেউ করেনি, সেটাই করলেন বৈভব সুরিয়াভানশি। কোন রেকর্ডই আর অক্ষত রাখবেন না তিনি, ভেঙে গুঁড়িয়ে বসবেন সবার উপরের আসনে, এই যেন বৈভবের পণ

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি, এক ইনিংসে ২৮টা ছয়! লিস্ট এ ক্রিকেটে এর আগে যেটা কেউ করেনি, সেটাই করলেন বৈভব সুরিয়াভানশি। কোন রেকর্ডই আর অক্ষত রাখবেন না তিনি, ভেঙে গুঁড়িয়ে বসবেন সবার উপরের আসনে, এই যেন বৈভবের পণ। ধরাছোঁয়ার বাইরে গিয়ে ক্রিকেটীয় সাম্রাজ্য গড়ার জন্য যা যা করণীয়, সেগুলোই করে যাচ্ছেন বৈভব, আর দুনিয়া তাকিয়ে দেখছে ১৫ বছরের বালকের ঔদ্ধত্য।

রাইজিং স্টার্সে আরব আমিরাতের সামনে দাঁড়িয়ে যা করলেন, তা বিস্ময়ের সব সীমানা ছাড়িয়ে গেছে। বলটা যেখানেই পড়ুক, তাতে কিচ্ছু যায় আসে না তাঁর। বৈভব কেবল সেটাকে গ্যালারিতে পাঠাবেন, ব্যস, এর বাইরে আর কিছুই নেই। বোলারের বল ছুড়ে তাকিয়ে থাকা ছাড়া দ্বিতীয় কোনো পরিকল্পনা বা কাজ নেই।

এর আগে লিস্ট এ ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দ্বিতীয় অবস্থানে, আর প্রথমটি ছিল জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে, তাঁর বল সংখ্যা ২৯টি। তবে বৈভব সবাইকে এক লাফে ছাড়িয়ে গেলেন। সেঞ্চুরির পালা শেষ করে ভাঙলেন ডাবল সেঞ্চুরির রেকর্ড। এর আগে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে সেরার আসনে ছিলেন চাদ বোয়েন। সেই রেকর্ড ভাঙতে বৈভব খেললেন স্রেফ ৫২টা বল।

লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে ডি’আর্চি শর্ট ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন সবার উপরে। বৈভব সেটা ভেঙে দিলেন ২৮ ছক্কার বদৌলতে। একটা ইনিংস দিয়ে সবকিছুই যেন ধুলিসাৎ করে দিলেন। সবাইকে পেছনে ফেলে সবার উপরের আসনে আসীন হলেন। শেষমেশ যখন সাজঘরের পথ ধরলেন বৈভব, ৫৩ বলে নামের পাশে ২০৪ রান। সাতটা চারের সঙ্গে ২৮ ছক্কা মিলিয়ে স্ট্রাইক রেট ৩৮৫। অবিশ্বাস্য শব্দ ছাড়া বলার কিছু বাকি থাকে কি?

যেভাবে ছুটছেন তিনি, যেভাবে চলছে তাঁর ব্যাট, ক্রিকেটের কোনো রেকর্ডই আর সুরক্ষিত নয় তাঁর সামনে। সময়ের সঙ্গে সব ভেঙে দেবেন, সর্বসেরার আসনটা ছিনিয়ে নেবেন, এমন আগাম বার্তা যেন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন বৈভব। আর চোখভরা বিস্ময় নিয়ে সেটাই তাকিয়ে দেখছে বিশ্ব ক্রিকেট।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link