অস্থিরতার ক্যানভাসে তিনি ছিলেন ধীরস্থির

সময় বদলায়, প্রজন্ম আসে-যায়, কিন্তু কিছু চরিত্র স্মৃতির পাতায় এমনভাবে গেঁথে যায় যে আড়াল থেকেও তারা আলো ছড়ায়। জাভেদ ওমর তেমনই এক নাম - যাকে নিয়ে কখনো ঠাট্টা-মশকরা হয়েছে, আবার কখনো প্রয়োজনের দিনে তাঁর উপস্থিতি ছিল অনিবার্য।

বাংলাদেশ ক্রিকেটের এক অদ্ভুত বিস্ময়, এক নি:শব্দ সংগ্রামের নাম জাভেদ ওমর বেলিম। সময় বদলায়, প্রজন্ম আসে-যায়, কিন্তু কিছু চরিত্র স্মৃতির পাতায় এমনভাবে গেঁথে যায় যে আড়াল থেকেও তারা আলো ছড়ায়। জাভেদ ওমর তেমনই এক নাম – যাকে নিয়ে কখনো ঠাট্টা-মশকরা হয়েছে, আবার কখনো প্রয়োজনের দিনে তাঁর উপস্থিতি ছিল অনিবার্য।

জীবন তখন সহজ ছিল, প্রত্যাশার ভার ছিল কম। ওয়ানডে ম্যাচে প্রথম তিন ওভারের মধ্যে জাভেদের স্কয়ার কাটে আসা একেকটি চার যেন নিখাদ আনন্দ হয়ে ধরা দিত। মনে হতো, আজ বুঝি দুইশো পেরোবে দল।

ধীরগতির রান তোলা কিংবা ছাড়ার মতো বলগুলো ছেড়ে দেওয়ার জন্য তিনি প্রায়ই চর্চায় থাকতেন, কিন্তু সেটাই ছিল তাঁর শৈলী। স্ট্রাইক রেট বা ঝোড়ো গতির চেয়ে তাঁর ব্যাটিংয়ের মূল সুর ছিল উইকেটে টিকে থাকা।

অনেকে রসিকতা করে জাভেদকে নিয়ে কথা বলেন, কিন্তু পরিসংখ্যান ও বাস্তবতা বলে অন্য কথা। ১৯৯৫ সালে শারজায় ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পথ ধরে ২০০১ সালে যখন বুলাওয়েতে টেস্ট অভিষেক হলো, তখনই তিনি দেখিয়েছিলেন নিজের আসল সামর্থ্য।

হিথ স্ট্রিক, অ্যান্ডি ব্লিগনট আর হেনরি ওলোঙ্গাদের মতো ধারালো বোলিং আক্রমণের সামনে প্রথম ইনিংসে ৬২ এবং দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট অভিষেকে ব্যাট ক্যারি করার সেই বিরল কীর্তি আজও তাঁর দৃঢ়তার সাক্ষ্য দেয়।

এরপর এসেছে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে ১১৯ রানের সেঞ্চুরি, যেখানে একসময় বড় লিডের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭১ রানের ইনিংস কিংবা ক্যারিয়ারের শেষলগ্নে ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানের লড়াই। প্রতিটি ইনিংসেই ছিল টিকে থাকার এক নীরব প্রতিজ্ঞা।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের অংশ হোক কিংবা ২০০৭ বিশ্বকাপের মঞ্চ, বর্ণিল জাঁকজমক না থাকলেও প্রয়োজনের মুহূর্তে কাজের মানুষ হয়ে ওঠার এক অদ্ভুত দক্ষতা ছিল তাঁর।

চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ডের দুর্ধর্ষ পেস আক্রমণের বিপক্ষে ৩৭ ও ৭১ রানের ইনিংসগুলো আজও স্মৃতিতে নাড়া দেয়। ম্যাথু হগার্ডের সুইং, স্টিভ হার্মিসনের বাউন্স আর অ্যান্ড্রু ফ্লিনটফের আগ্রাসনের সামনে পুরো দলের রান যেখানে চারশো ছুঁইছুঁই, সেখানে জাভেদের একার অবদান ছিল একশো পেরোনো। যা তাঁকে এনে দিয়েছিল ইংল্যান্ডে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজের সেরার স্বীকৃতি। ভঙ্গুর এক ব্যাটিং লাইনআপের সামনে তিনি ছিলেন যেন এক অনড় বাঁধ।

বর্তমান সময়ের ব্যাটারদের দ্রুত উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা দেখলে জাভেদ ওমরের সেই ধৈর্য ও জেদের কথা তীব্রভাবে মনে পড়ে। কোলাহলহীন প্রান্তরে দাঁড়িয়ে তিনি ছিলেন এক মৃদু ছন্দের কবিতা, যেখানে প্রতিটি বল সামলানো মানেই ছিল ভাঙনের মুখে নতুন ভোরের ইশতেহার লেখা। নিবিড় ধ্যান, শুদ্ধ প্রক্রিয়া আর অবিচল সংকল্পের সুতোয় গাঁথা সেই কীর্তি আজও বলে যায় – সব মহাকাব্য বজ্রপাতে লেখা হয় না, কিছু মহাকাব্য জন্ম নেয় নীরব ধৈর্যের একান্ত সাধনায়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link