শরিফুল ইসলামকে বোল্ড করে ক্যারিয়ারের প্রথম ফাইফারের স্বাদ পেলেন উইয়ান মুল্ডার! মাত্র ৩১ রান খরচায় সাত উইকেট। ঈর্ষণীয় বোলিং ফিগারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ওপর যেন রীতিমতো তাণ্ডব চালালেন। এর আগে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলেছেন, যেন বাংলাদেশকে একাই বধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অলরাউন্ডার।
তাঁর বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হলো বাংলাদেশের ব্যাটারদের। প্রতিরোধ গড়ার চেষ্টাও যেন ধোপে টিকছিল না মুল্ডারের দুর্দান্ত বোলিংয়ের সামনে!
ব্যাট হাতে দ্বিতীয় দিনেই বাংলাদেশের বোলারদের শাসন করেছিলেন মুল্ডার। তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। আর পরের দিন বল হাতে নেমে বুঝিয়ে দিলেন, তিনি কেবল ব্যাট হাতেই নন, বল হাতেও বাংলাদেশের ঘুম নষ্টের কারণ হয়ে উঠতে পারেন!

একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অন্যান্য পেসারদের তাও কিছুটা মোকাবিলা করতে পেরেছিল বাংলাদেশ। তবে মুল্ডারের সামনে একেবারেই অসহায় হয়ে পড়েন শান্ত-লিটনরা!
ওপেনার তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে শুরু করেন উইকেট উৎসব। এরপর তার বলেই সাজঘরের পথ ধরেন ব্যাটিং লাইনআপের স্তম্ভরা। মুমিনুল হক, লিটন কুমার দাস, জাকের আলী ও শরিফুল ইসলাম। ফাইফার তুলেও থেমে থাকেননি।
তার ষষ্ঠ শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তকে ফিরিয়ে দিয়ে আদতে বাংলাদেশের ইনিংসের যবানিকা টানেন এখানেই। স্বীকৃত ব্যাটাররা তখন ড্রেসিং রুমে।

শেষে যখন বাংলাদেশের টেলএন্ডাররা ব্যাটিংয়ে, তখন তাসকিন আহমেদ টানা দুই বাউন্ডারি হাঁকালেও তৃতীয় বলেই তাসকিনের স্ট্যাম্প উপড়ে ফেলেন মুল্ডার। ব্যাট হাতে সেঞ্চুরির পরের দিন বল হাতে উইকেটের উৎসব! দুই বিভাগেই দাপট দেখিয়ে বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের এক নাম হয়ে উঠলেন মুল্ডার। নিজের সামর্থ্যের পূর্ণ প্রদর্শনীতেই প্রোটিয়াদের জয় উপহার দেন এই অলরাউন্ডার!











