জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই স্বীকৃতি যেন মন থেকেই মেনে নিতে পারছিলেন না ফরাসি মহাতারকা! তাঁর চোখে ম্যাচের প্রকৃত নায়ক ভিনিসিয়াস জুনিয়র। তাই আনুষ্ঠানিকতা মেনে পুরস্কারটি হাতে নিলেও মুহূর্তের মধ্যেই তা তুলে দিলেন সতীর্থের হাতে। যেন নিঃশব্দেই জানিয়ে দিলেন, এই জয়ের কৃতিত্ব শুধু তাঁর একার নয়!
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদের পরবর্তী মহাতারকা কে হবেন, তা নিয়ে আলোচনা কম হয়নি। দীর্ঘ সময় ভিনিসিয়াসকেই ভাবা হচ্ছিল সেই উত্তরসূরি। কিন্তু এমবাপ্পে দলে পা রাখতেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।
শুরু হয় নতুন দ্বন্দ্ব, ভিনিসিয়াস নাকি এমবাপ্পে? কে হবেন রিয়ালের পোস্টারবয়? দুজনে এক সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো, এমন সংশয়ও দানা বাঁধে। তবে মাঠের বাইরের সেই বিতর্ককে মাঠেই থামিয়ে দিয়েছেন দুজন। কে কার চেয়ে বড়, সেই প্রতিযোগিতায় না গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন একই লক্ষ্যে।

বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এমবাপ্পে। গোটা ম্যাচজুড়েই ছিল তাঁর গতি, ক্ষিপ্রতা আর আক্রমণাত্মক ফুটবলের ঝলক।
করেন জোড়া গোল, পাশাপাশি সতীর্থের একটি গোলেও রাখেন অবদান। নয়টি শটের মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। সব মিলিয়ে ম্যাচসেরার পুরস্কার জয়ের দাবিদার ছিলেন তিনিই!
তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও সতীর্থের পারফরম্যান্সকে বড় করে দেখেছেন এমবাপ্পে। পুরস্কারটি ভিনিসিয়াসের হাতে তুলে দিয়ে যেন বুঝিয়ে দিলেন, মাঠের লড়াইয়ে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় সংহতিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

অবশ্য ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ভিনিসিয়াস। একের পর এক আক্রমণে পিএসভির রক্ষণভাগে অস্বস্তি তৈরি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চারটি শটের দুটি ছিল লক্ষ্যে, যার একটি থেকেই আসে গোল। জুড বেলিংহ্যামের পাসে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে জালের দেখা পান তিনি। আর দিনশেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার নেন এমবাপ্পের হাত থেকে।











