৬৩ রানে থেমে যাওয়া জীবন!

ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন একজন ব্যাটার। স্কোরবোর্ডে তাঁর নামের পাশে ৬৩ রান! উইকেটে থিতু হয়েছেন, সামনে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন। হয়তো বড় কোনো ইনিংসের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই ইনিংস আর কখনো শেষ হবে না! একটি বাউন্সার, একটি মুহূর্ত, আর তারপরই লেখা হলো ক্রিকেটের ইতিহাসের এক নির্মম অধ্যায়!

ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন ব্যাটার। স্কোরবোর্ডে তাঁর নামের পাশে ৬৩ রান! উইকেটে থিতু হয়েছেন, সামনে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন। হয়তো বড় কোনো ইনিংসের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই ইনিংস আর কখনো শেষ হবে না! একটি বাউন্সার, একটি মুহূর্ত, আর তারপরই লেখা হলো ক্রিকেটের ইতিহাসের এক নির্মম অধ্যায়! বাইশ গজের মায়া ছেড়ে, এই নশ্বর পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলেন গেলেন অনেক দূরে, সকলের ধরাছোঁয়ার বাইরে।

১৯৮৮ সালের ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিলে জন্ম ফিলিপ জোয়েল হিউজের। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলে ধীরে ধীরে নিজের প্রতিভার জানান দেন। খুব অল্প বয়সেই জায়গা করে নেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যাত্রা।

অভিষেকের দ্বিতীয় টেস্টেই যেন নিজের আগমনী বার্তা দিয়ে রাখেন হিউজ। ডারবানে দুই ইনিংসে করেন ১১৫ ও ১৬০ রান। মাত্র ২০ বছর বয়সে এমন পারফরম্যান্স তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচিত হতে থাকেন তিনি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থান পতনও ছিল। জাতীয় দলের বাইরে গেছেন, আবার পারফরম্যান্স দিয়ে ফিরে আসার লড়াই করেছেন। ২০১৪ সালের নভেম্বরেও সেই লড়াইয়ের মধ্যেই ছিলেন হিউজ।

২৫ নভেম্বর, ২০১৪। সিডনির ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছিল অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ম্যাচ। মুখোমুখি নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়া। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছিলেন হিউজ। সেদিনও ব্যাট হাতে বেশ স্বচ্ছন্দ ছিলেন তিনি। স্কোরবোর্ডে জমা করেছিলেন অপরাজিত ৬৩ রান।

নিউ সাউথ ওয়েলসের হয়ে বোলিং করছিলেন শন অ্যাবট। একপর্যায়ে তাঁর করা একটি শর্ট বল সামলানোর চেষ্টা করেন হিউজ। কিন্তু বলটি ব্যাটে লাগার আগেই ঘাড়ের বাঁ পাশে আঘাত করে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে।

চিকিৎসকেরা জানতে পারেন, বলের আঘাতে তাঁর ঘাড়ের একটি গুরুত্বপূর্ণ রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যার নাম ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন। এর ফলে মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণ ঘটে। অস্ত্রোপচারসহ সর্বোচ্চ চিকিৎসা চেষ্টা চালানো হলেও আর জ্ঞান ফেরেনি হিউজের।দুর্ঘটনার দুই দিন পর মৃত্যুর খবর আসে। নিজের ২৬ তম জন্মদিনের ঠিক তিন দিন আগেই একেবারে বিদায়।

হিউজের মৃত্যুর পর ক্রিকেটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে ক্রিকেটবিশ্ব। হেলমেটের নকশা, ঘাড়ের সুরক্ষা, মাঠে জরুরি চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

পরে ঘাড়ের পেছনের অংশ সুরক্ষিত রাখতে নেক প্রটেক্টর ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটে ২০২৩ সালে মিডিয়াম ও ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সময় নেক প্রটেক্টর বাধ্যতামূলক করা হয়।

তবে ফিল হিউজকে মনে রাখার সবচেয়ে আবেগঘন প্রতীক হয়ে আছে ৬৩ ও ৬৪। দুর্ঘটনার দিন তিনি অপরাজিত ছিলেন ৬৩ রানে। আর অস্ট্রেলিয়ার হয়ে তাঁর ওয়ানডে জার্সি নম্বর ছিল ৬৪। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ৬৪ নম্বর জার্সি অবসরে রাখে।

ফিল হিউজ হয়তো ক্রিকেটের আকাশে মহাতারকা হয়ে উঠতে পারেননি, কিন্তু অকালপ্রয়াণের মধ্য দিয়ে ক্রিকেটের ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অমর মহাকাব্যের অংশ হিসেবে। অপরাজিত থাকবেন ৬৩ রানে, যতদিন ক্রিকেট বেঁচে থাকবে।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link