প্রায় ৫ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয়। এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান ‘এ’।
অথচ ম্যাচের শুরুতে বাংলাদেশ যেভাবে জোড়া উইকেট তুলে নিয়েছিল, তাতে ব্যাটিং ব্যর্থতা ভুলে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। ব্যাটিংয়ে ২৩২ রানের বেশি পুঁজি জমা করতে না পারলেও বল হাতে শুরুটা ছিল দারুণ।
দোহায় ২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। ইনিংসের চতুর্থ ওভারে রিপন মণ্ডলের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন দুই ওপেনার। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

বাংলাদেশের জন্য ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এই ডাবল ব্রেকথ্রু। ব্যাটিংয়ে প্রত্যাশামতো বড় সংগ্রহ না পাওয়ার পর বোলারদের কাছ থেকে এমন শুরুরই প্রয়োজন ছিল।
সেখান থেকে হাল ধরেন পাকিস্তানের দুই ব্যাটার হাসান নেওয়াজ ও শাহজাইব খান। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে পাকিস্তান। তাদের ১১০ রানের পার্টনারশিপ বাংলাদেশের বোলারদের তৈরি করা প্রাথমিক চাপ অনেকটাই কমিয়ে দেয়।
এই জুটিই আদতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল! শুরুতে পাওয়া অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে নিয়মিত উইকেট তুলে নিতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়।

ইনিংসের মাঝের ওভারগুলোতে বাংলাদেশের স্পিনাররা খুবই নিয়ন্ত্রত বোলিং করলেও লাভের লাভ শেষ অবধি কিছুই হয়নি!
সেমিফাইনালে বাংলাদেশের প্রাপ্তি আসলে ঠিক কতটুকু? শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে এক ধৈয্যশীল সেঞ্চুরি আর রিপন মন্ডলের কল্যাণে বোলিংয়ে এসেছিল স্বপ্ন দেখানো শুরু; কিন্তু দলীয় সাফল্য আর ধরা দেয়নি।











