অপেক্ষা ভালোবাসার সবচেয়ে নীরব প্রমাণ। গোটা একটা প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে বিরাট কোহলির শততম সেঞ্চুরির। প্রজন্মের সেরা এই ক্রিকেটারের আন্তর্জাতিক শতকের সংখ্যা এখন ৮৬। ৮৭তম শতকের অপেক্ষাটাই যেন শেষ হতে চাইছে না। তবু কোহলি সমর্থকরা অপেক্ষা করতে জানে। কারণ, তারা জানে এই অপেক্ষার শেষটা কেমন হতে পারে।
৭১তম সেঞ্চুরির কথাই ধরা যাক। টানা ১০২১ দিনের অপেক্ষা। কত বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, কতবার ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। অপেক্ষা করতে করতে চায়ের কাপের গরম চা ঠান্ডা হয়েছে। কিন্তু বুকের ভেতর বিশ্বাসটা ঠান্ডা হয়নি একটুও। কারণ নামটা যে বিরাট কোহলি। ক্রিকেটের ভাষায় যাকে সহজ করে বললে, এক ও অদ্বিতীয়।
বিরাট কোহলিকে সংজ্ঞায়িত করা বড্ড কঠিন। একটা সময় থেকে এখন পর্যন্ত কত বোলার এসেছেন, কত বোলার বিদায় নিয়েছেন। চামিন্দা ভাস থেকে শুরু করে ক্রিকেটের ভয়ংকর সব পেসার, কতজনই তো চেয়েছেন কোহলির ব্যাট থামাতে। কিন্তু ডাম্বুলা থেকে বেঙ্গালুরু, চেন্নাই থেকে মুম্বাই, ব্রিসবেন কিংবা ওয়েলিংটন, ভেন্যু বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, বদলেছে ক্রিকেটের ধরন। অথচ বদলায়নি সেই চিরচেনা ক্ষুধা। ২২ গজে নামলেই রান চাই, আরও রান চাই। মাঝখানে কেটে গেছে প্রায় দেড় যুগ।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সময় বলেছিলেন, দাড়ি-গোঁফে নিয়মিত কালো রং করতে হয়। কথাটা শুনে মনে হয়েছিল, সময়ের কাছে শেষ পর্যন্ত সবাইকেই হার মানতে হয়। কোহলিরও বয়স হয়েছে। তাঁর বয়স এখন ৩৭। কোহলিদের দাড়িতে পাক ধরেছে, আমরা বড় হয়েছি, একটা প্রজন্ম শৈশব পেরিয়ে যৌবনে পৌঁছেছে। পাল্টেছে ক্রিকেট, পাল্টেছে খেলার ভাষা। শুধু পাল্টাননি প্রতিপক্ষকে চোখ রাঙিয়ে ২২ গজে দাপিয়ে বেড়ানো সেই কোহলি।
কোহলিরা আছেন বলেই ক্রিকেট এত সুন্দর। তাঁরা আছেন বলেই বারবার মনে হয়, বয়স শুধু শরীরের হিসাব রাখে, স্বপ্নের নয়। শরীরে ভাঁজ পড়তে পারে, দাড়িতে সাদা রং ধরতে পারে, কিন্তু সাহসে ভাঁজ পড়ে না। অন্তত বিরাট কোহলির অভিধানে তো নয়ই।
সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজটা খুব একটা ভালো যায়নি এই কিংবদন্তির। ২০২৭ বিশ্বকাপের আগে হাতে আছে সীমিত কিছু ইনিংস। শতকের অপেক্ষা ফুরাতে হলে পাড়ি দিতে হবে কঠিন পথ। বয়স, ফর্ম, প্রতিপক্ষ, সময়, সবকিছুর সঙ্গেই এখন লড়াই। কিন্তু যিনি একটা গোটা প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তিনি অসম্ভবকে সম্ভব করার পথটাও নিশ্চয়ই চেনেন। তিনি জানেন, কীভাবে আকাশসমান স্বপ্ন দেখতে হয়। আর কীভাবে সেই স্বপ্নের পেছনে ছুটতে হয়।

আমরা অপেক্ষায় থাকব সেই দিনের। যেদিন শততম শতকের পর ব্যাটটা আবারও উঁচুতে তুলবেন বিরাট কোহলি। গ্যালারি গর্জে উঠবে, সতীর্থরা ছুটে আসবেন, আর কোটি কোটি মানুষ পর্দার ওপাশে দাঁড়িয়ে উদ্যাপন করবেন ইতিহাসের আরেকটি মুহূর্ত।
হয়তো সেদিন প্রমাণের আর কিছুই থাকবে না। তবু কোহলি আবারও মনে করিয়ে দেবেন, কেন তিনি অন্য সবার চেয়ে আলাদা। স্বপ্নটা খুব বেশি দূরে নয়। আর সেই স্বপ্ন সত্যি হলে ক্রিকেটের একটা গোটা প্রজন্ম পড়ন্ত বিকেলে দীর্ঘশ্বাস ছেড়ে বলবে, ‘ভাগ্যিস, বিরাট কোহলির সময়টায় আমরা ছিলাম!’










