সরাসরি বিশ্বকাপের পথে বাংলাদেশ

বাংলাদেশের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সমীকরণটি হঠাৎ করেই বেশ সহজ হয়ে উঠেছে। আইসিসির ওডিআই টিম র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশের পর এই নতুন চিত্র সামনে এসেছে।

বাংলাদেশের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সমীকরণটি হঠাৎ করেই বেশ সহজ হয়ে উঠেছে। আইসিসির ওডিআই টিম র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশের পর এই নতুন চিত্র সামনে এসেছে। নিয়ম ও পয়েন্টের কাটাকুটিতে টেবিলের অবস্থান অপরিবর্তিত থাকলেও, মূল প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের তুলনায় সুবিধাজনক ব্যবধান তৈরি করেছে বাংলাদেশ।

আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কারা খেলবে, তা নির্ধারণের চূড়ান্ত সময়সীমা ৩১ মার্চ, ২০২৭। নিয়ম অনুযায়ী, স্বাগতিক হিসেবে পূর্ণ সদস্যের দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। বাকি দলগুলোর মধ্যে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল পাবে মূল পর্বের টিকিট।

আইসিসির এবারের বার্ষিক আপডেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। র‍্যাঙ্কিং গণনার ক্ষেত্রে ২০২৩ সালের ৩০ এপ্রিলের আগের সব ম্যাচ সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত খেলা ম্যাচগুলোর রেটিং পয়েন্টের গুরুত্ব ১০০ ভাগ থেকে কমিয়ে ৫০ ভাগে নামানো হয়েছে।

এই ওলটপালটের কারণে বেশ কিছু দল মাঠে না নেমেই লাভ-ক্ষতির মুখে পড়েছে। যেমন, টেবিলের চার ও পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান একে অপরের জায়গা বদল করেছে। অন্যদিকে শীর্ষে থাকা ভারত এক রেটিং পয়েন্ট হারিয়েছে।

তবে সবচেয়ে বড় প্রভাব পড়েছে টেবিলের নিচের দিকে। আটে থাকা ইংল্যান্ড ও নয়ে থাকা বাংলাদেশ নিজেদের ঝুলিতে একটি করে রেটিং পয়েন্ট যোগ করেছে। আর বড় ধাক্কা খেয়েছে দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তারা হারিয়েছে তিনটি মূল্যবান রেটিং পয়েন্ট। এর ফলে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের ব্যবধান আগের ছয় থেকে একলাফে দশে গিয়ে ঠেকেছে।

হঠাৎ করেই এই তিন পয়েন্টের ব্যবধান যুক্ত হওয়াটাই বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। একদিনের এই আন্তর্জাতিক ফরম্যাটে মাঠের লড়াইয়েও ফর্মে ফিরেছে টাইগাররা। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানকে হারানোর পর কিউইদের সাথেও সিরিজ জয় লুফে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link