সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ!

প্রথম ম্যাচে করা ভুল শুধরে নিল বাংলাদেশ। লিটন দাসের নেতাসুলভ ব্যাটিং, মোহাম্মদ সাইফউদ্দিনের পারফেক্ট ফিনিশিং, তাতেই সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে জয় পেল স্বাগতিকরা। 

প্রথম ম্যাচে করা ভুল শুধরে নিল বাংলাদেশ। লিটন দাসের নেতাসুলভ ব্যাটিং, মোহাম্মদ সাইফউদ্দিনের পারফেক্ট ফিনিশিং, তাতেই সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে জয় পেল স্বাগতিকরা।

টসে জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশি বোলারদের ওপর শুরুতেই চড়াও হতে থাকে আয়ারল্যান্ড। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে আসে এক উইকেট হারিয়ে ৭৫ রান। তবে আইরিশদের রানের লাগাম টেনে ধরার দায়িত্ব নেন শেখ মেহেদি। চার ওভারের বোলিং স্পেলে ২৫ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। তাতেই গতি কমে আসে সফরকারীদের রানের চাকার। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭০।

প্রথম টি-টোয়েন্টিতে হারের ক্ষত এখনো দাগ কেটে আছে। সে কারণেই বোধহয় জ্বলে উঠলেন পারভেজ হোসেন ইমন। ২৬ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে তানজিদ তামিম ফিরে গেলেও রানের গতি থামেনি স্বাগতিকদের।

৪৩ রানে ইমন ফিরে গেলে নেতার ঘাড়েই দায়িত্ব পড়ে। সিরিজ বাঁচাতে এগিয়ে এলেন লিটন দাস। দায়িত্ব কাঁধে ২২ গজে ছুটতে থাকেন তিনি। ফিফটি তুলে নিয়ে দলকে নিয়ে আসেন জয়ের দ্বারপ্রান্তে। ৫৭ রানের ইনিংস খেলে যখন ড্রেসিংরুমের পথে হাঁটছেন, তখন দলের জয় ছিল হাতছোঁয়া দূরত্বে।

শেষ পাঁচ ওভারে দরকার ৩৩ রান, হাতে সাত উইকেট। তবুও দলটা যে বাংলাদেশ—একটা শঙ্কা থেকেই যায়। সেই শঙ্কা আরও ঘনীভূত হয় দ্রুত সময়ে বাংলাদেশ যখন তিন উইকেট হারায়। শেষ দুই ওভারে বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ১৬ রানের। তবে সব সংশয় উড়িয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

১৯তম ওভারেই ম্যাচটাকে পকেটে নিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত দুই বল এবং চার উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নৌকা ভেড়ায় বাংলাদেশ দল। সেই সাথে বাঁচিয়ে রাখে সিরিজ জয়ের আশাটাও।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link