সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা, ঘুরে দাঁড়াতেই হতো, তবে বাংলাদেশ গর্জন তুলল। নাহিদ রানার ফাইফার আর তানজিদ তামিমের ঝড় নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিল, দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতে নিল ছয় উইকেটের ব্যবধানে।
টস কয়েন এদিনও গেল নিউজিল্যান্ডের পক্ষেই। তবে সেটা খুব একটা আরামদায়ক হলো না তাদের জন্য। হতে দিলেন না নাহিদ রানা আর শরিফুল ইসলামরা। গতি আর আগ্রাসনে শুরুতেই সফরকারীদের চেপে ধরেন তারা। তবে দাঁড়িয়ে থাকেন নিক কেলি। একপ্রান্ত আগলে রাখেন ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে। ওটাই মূলত নিউজিল্যান্ডের সেরা সাফল্য আজকের দিনের।

কেননা সব আলো যে কেড়ে নিয়েছেন গতি তারকা নাহিদ রানা। কিউইদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেলেছেন। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়তম ফাইফার। তাতেই কেলির ৮৩ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তোলে মাত্র ১৯৮ রান।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের ম্যাচে ফিফটি করে সাইফ ফিরে যান মাত্র আট রানেই। দীর্ঘদিন পর সুযোগ পাওয়া সৌম্য সরকারও নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপরই ঝড় ওঠে, তানজিদ তামিমের ব্যাট জ্বলে ওঠে স্বমহিমায়। নিউজিল্যান্ড বোলারদের তুলোধোনা করতে থাকেন। ৫৮ বলে ৭৬ রান করে যখন সাজঘরে ফেরেন, দলের জয় তখন সময়ের অপেক্ষা।

বাকি কাজটা করতে থাকেন নাজমুল হোসেন শান্ত, রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার আগে ফিফটি তুলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। এরপর আর কোনো ভুল করেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর বিকল্প না থাকা ম্যাচে নিউজিল্যান্ড স্রেফ উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিল ছয় উইকেটের ব্যবধানে। সেই সাথে সিরিজেও ফিরল সমতা, এবার অপেক্ষা বন্দরনগরী চট্টগ্রামে হতে যাওয়া সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য।











