রিয়ালের ‘সম্মান’ বাঁচানোর শেষ সুযোগ

রবিবার রাতটা হতে যাচ্ছে ফুটবলের রাত। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের আরেকটি মর্যাদার লড়াই, যেখানে দু'দলের লক্ষ্যটা শুধুই জয়। রিয়াল মাদ্রিদের জন্য এটা ‘শেষ সুযোগ‘ —শিরোপার লড়াইয়ে টিকে থাকার শেষ চ্যালেঞ্জ।

রবিবার রাতটা হতে যাচ্ছে ফুটবলের রাত। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের আরেকটি মর্যাদার লড়াই, যেখানে দু’দলের লক্ষ্যটা শুধুই জয়।

লা লিগার শেষ দিকে এসে উত্তেজনা যেন ছুঁয়েছে তুঙ্গে। রবিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সারা বিশ্বের চোখ থাকবে এই এল ক্লাসিকোর দিকে। তবে এবারের ম্যাচটা আর দশটা ক্লাসিকোর মতো নয়। রিয়াল মাদ্রিদের জন্য এটা ‘শেষ সুযোগ’—শিরোপার লড়াইয়ে টিকে থাকার শেষ চ্যালেঞ্জ।

চার ম্যাচ বাকি রেখেই বার্সেলোনা এগিয়ে আছে ৪ পয়েন্টে। তাই এই ম্যাচে হেরে গেলে শিরোপার দৌড় থেকে কার্যত ছিটকেই পড়বে মাদ্রিদ। অন্যদিকে বার্সার জন্য জয় মানে শিরোপা প্রায় নিশ্চিত।

চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে দুই দল। বার্সেলোনা হেরেছে ইন্টার মিলানের কাছে, আর রিয়াল মাদ্রিদ থেমেছে আর্সেনালের বিপক্ষে। ইউরোপের হতাশা পেছনে ফেলে এবার স্পেনের লড়াইয়ে সবটুকু দিতে চায় দুই দলই।

তবে চাপ যেন পিছু ছাড়ছে না রিয়ালের। মৌসুমে এখনো একটিও এল ক্লাসিকো জিততে পারেনি আনচেলত্তির দল। তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে বার্সা—দুইটি ফাইনাল আর একটি লিগ ম্যাচে। তাই তো এই পরিসংখ্যান রিয়ালের জন্য বাড়তি দুশ্চিন্তার।

তবে হাল ছাড়ছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শেষ ক্লাসিকোতে অতিরিক্ত সময়ে গিয়ে হারলেও দাপুটে ফুটবলটাই খেলেছে রিয়াল। আনচেলত্তি বলেন, ‘শেষ ম্যাচটা খুব প্রতিযোগিতামূলক ছিল, আমরা জয়ের কাছাকাছি ছিলাম এবং আমি মনে করি আমাদের নতুন করে কিছু উদ্ভাবন করতে হবে।’

গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ভিনিসিয়ুস ও এমবাপ্পেকে সামনে রেখে খেলার ছকে এবারও ভরসা রাখছেন তিনি। তরুণ আরদা গুলারও মিডফিল্ডে আশা দেখাচ্ছেন। এই ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটি সুযোগ, আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’

বার্সেলোনার জন্যও ম্যাচটা সহজ হবে না। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে ফ্লিকের দল। তবে লিগে তারা এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক।

বার্সার মূল শক্তি তরুণ খেলোয়াড়দের ক্ষুধা। শেষ ম্যাচ হেরে কোচ ফ্লিক স্পষ্ট করে বলেছেন, ‘এই হারে আরও ক্ষুধার্ত হতে হবে, শিরোপার জন্য লড়তে হবে।’ ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে ঘরের মাঠের সুবিধাও থাকবে কাতালানদের পক্ষে।

মাঠে নামার আগে দুই দলের লক্ষ্য একটাই—জয়। তবে পরিস্থিতির বিচারে রিয়ালের জন্য এই জয় আরও বেশি গুরুত্বপূর্ণ। হারলে শুধু শিরোপাই নয়, কোচ আনচেলত্তির বিদায়ও হয়ে যেতে পারে হতাশাজনক।

রবিবার রাতের এল ক্লাসিকো হতে চলেছে মর্যাদার লড়াইয়ের চেয়েও বড় কিছু। এটি টিকে থাকার যুদ্ধ, আত্মসম্মানের যুদ্ধ। আর এই ফুটবল যুদ্ধে শেষ হাসিটা হাসবে কে, হানসি ফ্লিকের বার্সা নাকি আনচেলত্তির রিয়াল?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link