থ্রি স্টারেই থাকবে ভারতীয় দল?

শেষ পর্যন্ত কি বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ক্রিকেট বোর্ডের খেলোয়াড়েরা তাদের অহম বজায় রাখতে বিপুল অর্থ খরচ করে আলাদা হোটেল বুক করবেন? নাকি অলিম্পিক স্পিরিটকে সম্মান জানিয়ে সাধারণ অ্যাথলেটদের মতোই ভাগ করে নেবেন সাধারণ কামরা? সেটিই দেখার পালা!

ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার কোটিপতি। দলের হয়ে সফরে গিয়ে বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে থেকেই তাঁরা অভ্যস্ত। তাই, ২০২৬ এশিয়ান গেমসের ঠিক আগে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সরাসরি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কাছে আবদার করে টিম ইন্ডিয়াকে যেন নাগয়াতে ফাইভ স্টার আবাসন সুবিধা দেওয়া হয়। কিন্তু, আইওএ-র কাছে কোনো পাত্তাই পায়নি বিসিসিআই!

আইওএ সাফ জানিয়েছে, এশিয়ান গেমসের মঞ্চে সব অ্যাথলেটই সমান। তাই কাউকে কোনো বিশেষ আতিথেয়তা করার সুযোগ নেই। এরপরও বিসিসিআই যদি খেলোয়াড়দের পাঁচ তারকা হোটেলে রাখতে চায়, তবে তাদেরকেই দলের আবাসন, যাতায়াত এবং খাওয়া-দাওয়ার সকল খরচ বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এর আগে ক্রিকেট দলগুলোর অনুরোধেই গেমস ভিলেজের বাইরে দলগুলোর আবাসনের ব্যবস্থা করা হয়। তবে, বিসিসিআইয়ের নতুন এই আবেদন একেবারেই ধোপে টিকল না।

আয়োজকদের তরফ থেকে জানা গেছে, পুরুষ ক্রিকেট দলগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে আইচি-নাগয়ার তিন তারকা বিশিষ্ট এপিএ হোটেল নাগয়া একিমায়ের টুইন-শেয়ারিং রুম। অর্থাৎ, এক রুমে শেয়ার করে থাকতে হবে দুজন ক্রিকেটারকে। তবে, নারী ক্রিকেটাররা তুলনামূলক কিছুটা ভালো চার তারকা বিশিষ্ট মেইতেতসু গ্র্যান্ড হোটেলে অবস্থান করবেন।

বিলাসবহুল জীবনে অভ্যস্ত ভারতীয় ক্রিকেটাররা এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাঁরা মানুন, বা নাই মানুন; এখন বিসিসিআইয়ের সামনে খোলা কেবল দুটি পথ। প্রথমত, অলিম্পিক আয়োজকদের এই অফিশিয়াল আবাসন ব্যবস্থা বিনাবাক্যে মেনে নেওয়া। আর দ্বিতীয়ত, নিজেদের উদ্যোগে সম্পূর্ণ আলাদা কোনো হোটেলের ব্যবস্থা করা।

কিন্তু দ্বিতীয় পথ বেছে নেওয়া মোটেও সহজ নয়। আলাদা হোটেল বুক করলে ক্রিকেটারদের আবাসন, খাবার দাবার, স্থানীয় যাতায়াত এবং স্টেডিয়ামে যাতায়াতের সমস্ত লজিস্টিকস বিসিসিআইকে একাই নিজেদের দায়িত্বে সামলাতে হবে। শুধু তাই নয়, সংবেদনশীল ডোপ টেস্টের মতো জটিল প্রক্রিয়াগুলোর তদারকিও করতে হবে তাদের নিজেদেরই।

শেষ পর্যন্ত কি বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ক্রিকেট বোর্ডের খেলোয়াড়েরা তাদের অহম বজায় রাখতে বিপুল অর্থ খরচ করে আলাদা হোটেল বুক করবেন? নাকি অলিম্পিক স্পিরিটকে সম্মান জানিয়ে সাধারণ অ্যাথলেটদের মতোই ভাগ করে নেবেন সাধারণ ঘর? সেটা এখন দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link