নারী এশিয়া কাপ ফাইনালে ফের দেখা মিলবে ট্রফি নাটকের?

আগামী ১৩ অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে নারী এশিয়া কাপের ফাইনাল। তবে, এদিন মাঠের লড়াইয়ের সমাপ্তি হলেও, আসল নাটকটা ফের ট্রফি নিয়ে জমে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেটমোদীরা!

এবার কি করবে ভারত? এশিয়া কাপে যদি ফাইনাল খেলে আর চ্যাম্পিয়ন হয় ভারতীয় নারী দল তবে কি ট্রফি নেবে না? কেননা ট্রফি যে হস্তান্তর করবেন খোদ মহসিন নাকভি। তবে কি পুরুষদের পথই অনুসরণ করবে ভারতের নারীরা?

আগামী ১৩ অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে চলতি নারী এশিয়া কাপের ফাইনাল।  ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে মাঠের লড়াইয়ে সেখানে ফাইনাল জয়টা কাগজে-কলমে সময়ের অপেক্ষা। তাতেই যেন পুরনো স্মৃতি চেয়ে আছে আড়চোখে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে যে থাকছেন পিসিবি প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আর এখানেই দানা বাঁধছে চরম উত্তেজনার। ভারত যদি ফাইনালে শেষ হাসি হাসে, তবে শিরোপা কি তারা শেষ পর্যন্ত নাকভীর হাত থেকেই গ্রহণ করবে?

গত বছরেই দুবাইয়ে পুরুষদের এশিয়া কাপ ফাইনালে নাকভির হাত থেকে ট্রফি নিতে সরাসরি অস্বীকৃতি জানায় সুরিয়াকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সেই ট্রফি হস্তান্তর নিয়ে শোরগোল। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত উদযাপন সারে ম্যান ইন ব্লুজরা।

 

ভারত ও পাকিস্তানের মধ্যকার চরম কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনই এই পরিস্থিতির পেছনে রয়েছে। দেশ দুটির মধ্যকার সম্পর্কের বরফ একটুও গলাতে পারেনি খোদ ক্রিকেটও। এমনকি সেই ফাইনাল ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সাথে করমর্দন না করেও বেশ আলোচনার জন্ম দেন!

এবার নারী এশিয়া কাপে ভারত আবারও শিরোপা জিতলে সেই একই রকম জটিল ও নাটকীয় পরিস্থিতির সামনে দাঁড়াতে হতে পারে হরমনপ্রীত কৌরের দলকে। ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে হরমনপ্রীতরা নাকভীর হাত থেকে কাপ নেবেন তো? নাকি ক্রিকেট বিশ্ব আবারও সাক্ষী হবে ট্রফিহীন এক নাটকীয় উদযাপনের? সেটিই এখন দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link