হংকংকে উড়িয়ে দিল পাকিস্তান!

ভারতের কাছে লজ্জায় পরাজয়ে যে ক্ষোভ জমা হয়েছিল, সেটা হংকংয়ের বিপক্ষে উগরে দিল পাকিস্তান। নাশরা সিন্ধুর অবিশ্বাস্য বোলিংয়ে ৭২ রানের ব্যবধানে হংকংকে হারাল ফাতিমা সানার দল।

ভারতের কাছে লজ্জায় পরাজয়ে যে ক্ষোভ জমা হয়েছিল, সেটা হংকংয়ের বিপক্ষে উগরে দিল পাকিস্তান। নাশরা সিন্ধুর অবিশ্বাস্য বোলিংয়ে ৭২ রানের ব্যবধানে হংকংকে হারাল ফাতিমা সানার দল। সেই সঙ্গে পা রাখল সেমিফাইনালের চৌকাঠে।

ভারত ম্যাচের দুঃসহ স্মৃতির রেশ কাটেনি। হংকংয়ের বিপক্ষে জিতে সেই ক্ষতে মলম দেওয়াই লক্ষ্য ছিল পাকিস্তানের। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ দাপুটে শুরু করে পাকিস্তান। বিশেষ করে শাওয়াল জুলফিকার সাবলীল মেজাজে চালাতে থাকেন ব্যাট। বিপত্তির শুরু মুনিবা আলীর বিদায়ের পর। ৩৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেললে শঙ্কা জেগে ওঠে। আবারও কি বিপর্যয় ঘটবে?

না, তখন কোনো বিপর্যয় ঘটেনি। ঘটতে দেননি শাওয়াল। আয়েশা জাফরকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৪৭ রানের জুটি। পাকিস্তানও বড় সংগ্রহের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। আয়েশার বিদায়ের পর পুরোপুরি দায়িত্ব নেন শাওয়াল। ৩৫ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস আসে তার ব্যাট থেকে।

তবে বিপর্যয় একেবারেই এড়ানো যায়নি। ৯২ থেকে ১০১ রানের মধ্যেই পর পর তিন উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। যার কারিগর জয়লীন কৌর। চার ওভারে ১৯ রান খরচায় বাগিয়ে নিয়েছেন চার উইকেট। লাগাম টেনেছেন পাকিস্তানের। শেষদিকে ফাতিমা সানার ২৪ রানে ভর করে স্কোরবোর্ডে পাকিস্তান তোলে ১৪৩ রান।

জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় হংকং। প্রথম ওভারের শেষ বলে আঘাত হানেন ফাতিমা সানা। সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন সাদিয়া ইকবাল। ব্যস, এক রানে দুই উইকেট হারিয়ে সব আশা শেষ করে ফেলে হংকং।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চালায় তারা। তবে এরপর আরও বড় বিপদ অপেক্ষা করছিল, যার নাম নাশরা সিন্ধু। ঘূর্ণিজাদুতে একের পর এক ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরাতে থাকেন তিনি। ১৩তম ওভারটা পুরোটাই তার ম্যাজিক। সেই ওভারে তিন ব্যাটারকে শিকার বানিয়ে ম্যাচ কার্যত শেষ করে দেন তিনি। চার ওভারে মাত্র সাত রানের বিনিময়ে তুলে নেন ছয় উইকেট। অবিশ্বাস্য এই পারফরম্যান্সের পর হংকং গুটিয়ে যায় ৭১ রানে। ৭২ রানের জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। এবার লড়াইটা শ্রীলঙ্কার বিপক্ষে। জিতলে হাতে উঠবে ফাইনালের টিকিট।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link