পারফর্মার হয়ে কেন উপেক্ষিত শামি?

আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক এই পেসার বুমরাহর সমান উইকেট নিয়েছেন, অথচ ম্যাচ খেলেছেন কম।  আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড, ধারাবাহিক পারফরম্যান্স থাকা সত্ত্বেও শামিকে কেন দলে রাখা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন এখন সর্বত্র।

মোহাম্মদ শামি বরাবরই ভারতের সেরা অস্ত্র হলেও কোন না কোন ভাবে উপেক্ষিত হতে হয় তাঁকে। আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক এই পেসার বুমরাহর সমান উইকেট নিয়েছেন, অথচ ম্যাচ খেলেছেন কম।  আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড, ধারাবাহিক পারফরম্যান্স থাকা সত্ত্বেও শামিকে কেন দলে রাখা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন এখন সর্বত্র।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শামির অনুপস্থিতি অনেককেই অবাক করেছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন, শামিকে দলে না রাখার কোনো যুক্তি নেই।

গাঙ্গুলি বলেন, ‘শামি দারুণ বল করছে। রঞ্জি ট্রফির ২-৩ ম্যাচে একাই বেঙ্গলকে জিতিয়েছে সে। আমি নিশ্চিত নির্বাচকরা বিষয়টি লক্ষ্য করছেন। হয়তো তাদের মধ্যে যোগাযোগ আছে, সেটা আমি জানি না। কিন্তু ফিটনেস আর দক্ষতার দিক থেকে এখনো সেই পুরনো মোহাম্মদ শামিই রয়েছে।’ গাঙ্গুলি আরও যোগ করেন, ‘আমি কোনো কারণ দেখি না, কেন সে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলতে পারবে না। ওর দক্ষতা অসাধারণ।’

ভারতের পরবর্তী বড় লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। পেসারদের জন্য অনুকূল সেই পরিবেশে শামির অভিজ্ঞতা হতে পারে ভারতের বড় সম্পদ।

সেই বছরই নির্ধারিত রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। তখন শামির বয়স হবে ৩৬ বছর, কিন্তু তার পারফরম্যান্স এবং ফিটনেস যদি বর্তমানের মতো থাকে, তাহলে আবারও ভারতের প্রধান পেস আক্রমণের অংশ হিসেবে তাকে দেখা অস্বাভাবিক কিছু হবে না।

তিনটি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া এই অভিজ্ঞ পেসার ভারতের ইতিহাসে আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারি। জাহির খানের চেয়েও বেশি উইকেট রয়েছে তার, আর বিশ্বকাপে তিনি সমান উইকেট নিয়েছেন ওয়াসিম আকরামের সঙ্গে। তাই প্রশ্ন একটাই,  এমন ফিট, এমন ধারাবাহিক একজন বোলারকে কেন বারবার উপেক্ষা করা হচ্ছে?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link