ভুবনেশ্বরের ক্ষয় নেই!

নতুন বল আর ভুবনেশ্বর কুমার, এ এক আত্মিক সম্পর্ক। যে সম্পর্কে চিড় ধরে না, মলিন হয় না।

নতুন বল আর ভুবনেশ্বর কুমার, এ এক আত্মিক সম্পর্ক। যে সম্পর্কে চিড় ধরে না, মলিন হয় না। সেই যুবক বয়সের বিশ্বাসটা এখনও ধরে রেখেছেন ভুবনেশ্বর, ধরে রেখেছেন সেই নিখুঁত সুইংয়ের কারসাজি। যার রোষানলে ধসে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেন ফিরিয়ে নিয়ে গেছে ভুবির প্রাইম টাইমে। বয়স বেড়েছে ঠিকই, তবে অস্ত্রটা তো এখনও জমা দেননি, এমনকি মরিচা পড়েনি একটুও। তাই তো আসরজুড়ে নতুন বলে নাকানিচুবানি খাওয়াচ্ছেন ব্যাটারদের।

একেবারে প্রথম ওভারেই তুলে নিয়েছেন রায়ান রিকেলটনকে। তাঁকে বুঝিয়ে দিয়েছেন তিনি যে নতুন বলের অধিপতি। চার রান দিয়ে তখন থামলেন বটে তবে ক্ষুধা মিটল না। পরের ওভারে ফিরে এসে ওভারের শেষ দুই বলে শিকার বানালেন অভিজ্ঞ দুই সেনানি রোহিত শর্মা এবং সুরিয়াকুমার যাদবকে। ব্যস, মুম্বাইয়ের অর্ধেক গল্প যে ওখানেই শেষ।

বাকিটা টানছিলেন তিলক ভার্মা। ভাঙা স্বপ্ন জোড়া দেওয়ার এক আপ্রাণ চেষ্টা খেলা করছিল তাঁর চোখেমুখে। ডেথ ওভারে আবারও হাজির ভুবনেশ্বর। সবাই ভেবেছিল এবার হয়তো ক্ষান্ত হবেন। এটা তো আর নতুন বল নয়। তবে ভুবনেশ্বরের তাতে কী আসে যায়। তিনি যে তুখোড় শিকারি, কাজটাই তো শিকার করা। তুলে নিলেন তিলককে। এবার মুম্বাইয়ের পুরো গল্পই শেষ।

চার ওভার হাত ঘুরিয়ে খরচা করেছেন মাত্র ২৩ রান। আর নিজের ঝুলিতে পুরেছেন চারখানা উইকেট। সেই সঙ্গে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরের নামটাই যে তাঁর। কিছু জিনিস পুরনো হলেও অক্ষত থাকে, ভুবনেশ্বরও তেমন। তাই তো বলতে হয়, এ জিনিসের ক্ষয় নেই।

Share via
Copy link