এক রানের দাম ৪০ হাজার ৪৪১ টাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) নাঈম শেখ প্রতিটি রানের জন্য পারিশ্রমিক পেয়েছেন প্রায় অর্ধলাখ টাকা। নিলামে বিক্রি হয়েছিলেন এক কোটি দশ লাখে, পুরো টুর্নামেন্টে ব্যাট থেকে এসেছে ২৭২ রান। টাকার অঙ্কটা যেমন ভারী, তেমনি আলোচনা-সমালোচনাও কম হয়নি।
বিপিএলের দ্বাদশ আসরের নিলাম টেবিলে রীতিমতো হৈচৈ লেগে গিয়েছিল। চট্টগ্রাম রয়্যালস নিলাম থেকে নাঈমকে দলে ভেড়াতে খরচ করেছিল ১ কোটি ১০ লাখ টাকা। রাতারাতি আসরের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান নাইম। প্রশ্ন ওঠে, তিনি আসলে এত দামের যোগ্য কিনা? অনেকেই নেতিবাচক মন্তব্য করেন, অনেকেই আবার ঘরোয়া ফর্ম বিবেচনায় এনে দামের ন্যায্যতা যাচাই করেছেন।

তবে বিপিএলের আসল খেলা শুরু হয় খেলা মাঠে গড়ানোর আগের দিন। চট্টগ্রামের মালিকপক্ষ নিজেদের অপারগতার দোহাই দিয়ে সরে দাঁড়ায়। এরপরই নিরুপায় বিসিবি নিজেদের কাঁধেই দায়িত্ব তুলে নেয়।
বাকি গল্প সবাই দেখেছে, সেই চট্টগ্রামই শেষমেষ ফাইনাল খেলছে। তবে এসব ছাপিয়ে নাঈম কি সমালোচনার জবাব দিতে পেরেছেন? উত্তরটা হয়তো নেতিবাচকই আসবে। ১২ ম্যাচে ২৪ গড় আর ১২২ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ২৭২ রান। নামের পাশে কেবল দুই ফিফটি।

তবে দিনশেষে ঠিকই ১ কোটি ১০ লাখ টাকা বাগিয়ে নিয়েছেন। অবশ্য চট্টগ্রামের মালিকপক্ষের নেওয়া হঠকারী সিদ্ধান্তের মূল্য চোকায়ে হয়েছে বিসিবিকেই। দু’দিন আগেই পুরো টাকা পরিশোধ করতে হয়েছে। যেখানে নাঈমের প্রতিটি রান যেন সোনার দামে বিক্রি হয়েছে। মাঠে একটি সিঙ্গেল নিলেও বিসিবির কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় অর্ধলাখ টাকা!











