অবশেষে দেখা গেল সাকিবের ঝলক!

দুই ম্যাচে মিডল অর্ডারে ব্যর্থ হওয়ার পর ব্যাটিং অর্ডারে পরিবর্তন এলো। নেমে গেলেন আট নম্বরে। আর সেখানেই ব্যাট হাতে ছোট্ট এক ক্যামিও খেললেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, বল হাতেও ঝুলিতে গেছে একটি উইকেট।

দুই ম্যাচে মিডল অর্ডারে ব্যর্থ হওয়ার পর ব্যাটিং অর্ডারে পরিবর্তন এলো। নেমে গেলেন আট নম্বরে। আর সেখানেই ব্যাট হাতে ছোট্ট এক ক্যামিও খেললেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, বল হাতেও ঝুলিতে গেছে একটি উইকেট। মেজর লিগ ক্রিকেটে অবশেষে নিজের পরিচিত রূপটাই দেখালেন এই অলরাউন্ডার।

এদিন ২০ ওভারে এমআই নিউইয়র্ক তোলে ১৮৭ রান। সাকিবের সুযোগ অবশ্য আসে একেবারে শেষদিকে। সেখানেই বাজিমাত করেন তিনি। দুই চার আর এক ছক্কার সাহায্যে ১৩ বলে আসে ১৮ রানের ফিনিশিং নক। ওটাই মূলত এমআইয়ের স্কোরকার্ডকে শেষদিকে আরও সমৃদ্ধ করে।

ব্যাট হাতে অবদান রাখার পর বল হাতেও দ্রুত নিজের ছাপ রাখেন সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলেই তুলে নেন নিজের প্রথম উইকেট। সাকিবের শিকার হয়ে ফেরেন মিচেল ওয়েন। তিন ম্যাচে এটিই ছিল এবারের আসরে সাকিবের প্রথম উইকেট। শেষ পর্যন্ত তিন ওভার বল করে ২৪ রান খরচায় ওই এক উইকেটই শিকার করেন তিনি। তবে দিনশেষে পরাজয়ই সঙ্গী হয় সাকিবদের।

আগের দুই ম্যাচে সাকিব অবশ্য একেবারেই বিবর্ণ ছিলেন। সিয়াটল অর্কাসের বিপক্ষে ১৫ এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে করেছিলেন মাত্র ১ রান। এবার ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রেখে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link