নিজের ২৬তম জন্মদিনেই যেন নতুন এক বার্তা দিলেন ভিনিসিয়াস জুনিয়র! ইনস্টাগ্রামে হঠাৎ করেই বদলে ফেললেন নিজের প্রোফাইল ছবি। সেটি এখন সম্পূর্ণ কালো। শুধু তাই নয়, নিজের বায়ো থেকেও সরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ট্যাগ। আর এতেই নতুন করে জোরালো হয়েছে গুঞ্জন, তবে কি সত্যিই সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াসের সময় শেষ?
মাত্র কয়েক সপ্তাহ আগেও ধারণা করা হচ্ছিল, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি কেবল সময়ের অপেক্ষা। কিন্তু পর্দার আড়ালে পরিস্থিতি নাকি একেবারেই ভিন্ন। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেতন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়াস চাইছেন বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতন, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ পারিশ্রমিক। কিন্তু রিয়াল মাদ্রিদ শুরুতে প্রস্তাব দেয় ২২ মিলিয়ন ইউরো। পরে সেটি বাড়িয়ে প্রায় ২৫ মিলিয়ন ইউরো করে, সঙ্গে লয়্যালটি বোনাস এবং ইমেজ রাইটস থেকে অতিরিক্ত আয়ের সুযোগও যোগ করা হয়। তবুও দুই পক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি।
এই অচলাবস্থার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়াসের এমন পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। ফুটবলের দুনিয়ায় ইনস্টাগ্রাম বায়ো বা প্রোফাইল ছবির পরিবর্তন অনেক সময়ই বড় কোনো সিদ্ধান্তের আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়। তাই অনেকেই মনে করছেন, এটি হয়তো নতুন অধ্যায়ের সূচনা।

যদি সত্যিই ভিনিসিয়াস রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে ইউরোপের বড় বড় ক্লাবগুলো নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং চেলসিকে সম্ভাব্য আগ্রহী ক্লাব হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন একজন উইঙ্গার, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তাঁকে দলে ভেড়াতে যে কোনো ক্লাবই আগ্রহী হবে।
অন্যদিকে সৌদি আরবের ক্লাব আল-হিলালও ভিনিসিয়াসকে দলে নিতে মরিয়া। শোনা যাচ্ছে, তাঁকে ইতিহাসের অন্যতম বড় আর্থিক প্রস্তাব দিতেও প্রস্তুত তারা। তবে মাত্র ২৬ বছর বয়সে ক্যারিয়ারের সেরা সময়ে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা আপাতত খুব বেশি নয়। নিজের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল এখনো ইউরোপেই খেলতে চাইবেন ভিনি।
তবে এই মুহূর্তে ভিনিসিয়াসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন শুধু অর্থ নয়, নিজের অবস্থানও। রিয়াল মাদ্রিদে এখন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামদের মতো সুপারস্টারদের ভিড়ে আলো ভাগাভাগি করতে হচ্ছে তাঁকে। একসময় দলের নিঃসন্দেহে সবচেয়ে বড় তারকা ছিলেন, কিন্তু এখন সেই জায়গা আর আগের মতো একচ্ছত্র নয়।

বিশ্বসেরার লড়াইয়ে ব্যক্তিগত প্রভাবও বড় বিষয়। ভিনিসিয়াস যদি সত্যিই বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে এমন জায়গায় যাওয়া প্রয়োজন, যেখানে পুরো দল তাঁর চারপাশে গড়ে উঠবে এবং তিনিই হবেন পরিকল্পনার মূল কেন্দ্র।










