ইংল্যান্ডের মাটিতে হাসান মাহমুদের রাজত্ব!

কেন্ট ডেরায় যেন হাসান মাহমুদ নামক এক আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নিয়মিতই নিজের ঝুলিতে উইকেট পুরছেন তিনি। তিন ম্যাচ মিলিয়ে চার উইকেট, ইকোনমিও মন্দ বলার উপায় নেই।

কেন্ট ডেরায় যেন হাসান মাহমুদ নামক এক আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নিয়মিতই নিজের ঝুলিতে উইকেট পুরছেন তিনি। তিন ম্যাচ মিলিয়ে চার উইকেট, ইকোনমিও মন্দ বলার উপায় নেই। ইংল্যান্ডের মাটি যে তাঁকে আপন করে নিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে আক্ষেপ একটাই, জেতাতে পারছেন না দলকে।

মিডলসেক্সের বিপক্ষে দ্বিতীয় ওভারেই বল হাতে তুলে দেওয়া হয় হাসানকে। আস্থার প্রতিদান দিতে তিনি কোনো ভুল করেননি। ওই ওভারেই তুলে নেন জশুয়া ডি কাইর্সকে। অবশ্য আরও এক উইকেট নামের পাশে থাকত, যদি না শেষ বলটা নো হতো।

পাওয়ার প্লেতে আরও একবার আক্রমণে আসলেও খরচা করেন ১১ রান। এরপর আসেন ১৬তম ওভারে। আর এসেই তুলে নেন আরও একখানা শিকার। তাঁর ছোড়া দুর্দান্ত ইয়োর্কারে কুপোকাত বেন জেডস। শেষমেশ আর কোনো উইকেটের দেখা পাননি। চার ওভার হাত ঘুরিয়ে খরচা করেন ৩৩ রান।

তবে শুধু একটি ম্যাচ নয়, কেন্টের হয়ে ধারাবাহিকভাবেই নিজের কার্যকারিতা প্রমাণ করে চলেছেন বাংলাদেশের এই পেসার। সারে এবং হ্যাম্পশায়ারের বিপক্ষে আগের দুই ম্যাচেও খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। দুইবারই একটি করে উইকেট নিয়েছেন। খুব বেশি কৃপণ না হলেও খুব বেশি রান যে বিলিয়েছেন, সেটাও না।

তবে সব হলেও হাসানের দল কেন্ট পাচ্ছে না জয়ের দেখা। তিন ম্যাচেই হার সঙ্গী হয়েছে তাদের। তবে দলীয় ব্যর্থতা ছাপিয়ে হাসান মাহমুদ যে উজ্জ্বল, সেটাই বরং স্বস্তি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link