ফিফা বিশ্বকাপের বয়স গড়িয়েছে ৯৬ বছরে। এতদিনের পুরোনো এই ইভেন্টে শিরোপা বাদে বিশ্বজয়ী খেলোয়াড়দের জন্য ছিল না কোনো বিশেষ উপহার। কিন্তু এবার সেই আক্ষেপ ঘুচছে চ্যাম্পিয়ন শিবিরের। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছে এক রাজকীয় চমক।
ফুটবল ইতিহাসের পাতায় ২০ জুলাই লেখা থাকবে স্বর্ণাক্ষরে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ী দলের জন্য ফিফা প্রথমবারের মতো প্রবর্তন করেছে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ রিং’।
এর আগে ৯৬ বছরের ইতিহাসে কোনো বিশ্বকাপ জয়ী দল এমন উপহার পায়নি। এই বিশেষ আংটির একদিকে খোদাই করা থাকবে আইকনিক ফিফা ট্রফি। অন্যদিকটি সাজানো হবে বিজয়ী দেশের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যে।

এরই মধ্যে ফিফা ২,০২৬টি রিংয়ের একটি বিশেষ কালেকশন তৈরি করেছে। যার মধ্যে ৩০টি রিং বরাদ্দ থাকবে বিশ্বজয়ী ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বের ফুটবল ভক্তরা সংগ্রহ করতে পারবেন। ফাইনালের ঠিক পরেই বিজয়ী অধিনায়ক ও কোচের আঙুলে উঠবে এই বিশেষ স্মারক।
এদিকে, এবারের মাঠের লড়াইটা শুধু শিরোপার নয়। দুই প্রজন্মের মহাকাব্যিক এক সংগ্রামের দেখা মিলবে চলতি আসরের শেষ মহারণে। একদিকে ৩৯ বছর বয়সী ফুটবল জাদুকর লিওনেল মেসি। অন্যদিকে ১৯ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামাল।
সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। লিওনেল স্ক্যালোনি এবং লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা শিরোপা জিততে যে একে অপরকে ছেড়ে কথা বলবেন না—এ কথা বলার অপেক্ষা রাখে না।

এখন তাই প্রশ্ন: নিউ ইয়র্কের আকাশে এবার কার জয়ের নিশান উড়বে? মেসির হাতে কি উঠবে ফুটবল অমরত্বের দ্বিতীয় চাবি, নাকি ইয়ামাল হবেন নতুন ইতিহাসের রাজপুত্র? উত্তর মিলবে ২০ জুলাইয়ের ফুটবলীয় মহারণে।










