ছন্দময় শাহীন শাহ আফ্রিদি পাকিস্তানের জন্য কতটা প্রয়োজন- সেটাই যেন আরও একটিবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম স্পেলে আগুন ঝড়া বোলিং করেছেন শাহীন। সেখান থেকেই মূলত বাংলাদেশের পরাজয়ের শুরু।
নতুন বল হাতে উইকেট তুলে নিবেন শাহীন। প্রতিপক্ষের সকল পরিকল্পনা ভেস্তে দেবেন। পাকিস্তানের বোলিং আক্রমণের এই সরল পরিকল্পনা বাস্তবায়িত না হলেই এলোমেলো হয়ে যায় পাকিস্তান। কিন্তু এদিন আর এলোমেলো হতে দিলেন না শাহীন শাহ আফ্রিদি।

গতির সাথে বলের মুভমেন্ট- এসবের মিশ্রণে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিলেন শাহীন শাহ আফ্রিদি। শুধু তাই নয়, আগের দিনের গেম চেঞ্জার তানজিদ হাসান তামিমকেও তিনি ফেরালেন দ্রুতই। এরপর নাজমুল হোসেন শান্তর উইকেটটা তুলে নিয়ে বাংলাদেশের জন্য এক অসাধ্য সাধনের মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন শাহীন।
এরপরই এলো বৃষ্টির বাঁধা। শাহীনের দুই উইকেট শিকারের পাশাপাশি মুহাম্মদ ওয়াসিমও তুলে নিয়েছিলেন একটি উইকেট। তাতে করে বাংলাদেশের জন্য এক অসম্ভব সমীকরণ দাঁড়ায় ম্যাচ জয়ের জন্য। রান পাহাড় টপকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। অগত্যা অলআউট হয় ১১৪ রানে।

শাহীন শাহ আফ্রিদির ঐ শুরুর স্পেলটাই সমস্ত গণ্ডগোল পাকিয়ে ফেলে। দুই উইকেটের পাশাপাশি চার ওভারের সেই ১০ রান বাংলাদেশের ব্যাটারদের দুশ্চিন্তায় ফেলে দেয়। ৩০০ ছাড়ায়নি বলে মানসিক সন্তুষ্টিতে ভোগা বাংলাদেশের ব্যাটারদের শান্তি বিনষ্ট করে দেন তিনি একা হাতে। সেই বিপর্যয় আর কাটিয় ওঠা হয়নি বাংলাদেশের। ঠিক এ কারণেই শাহীনের ছন্দে থাকা দরকারি।











