বয়কট না করলেও সাফে মূল দল পাঠাচ্ছে না ভারত

ফিফা আন্তর্জাতিক উইন্ডো ও অভ্যন্তরীণ ক্লাব ফুটবলের জটিলতায় দ্বিতীয় সারির বা অনূর্ধ্ব-২৩ দল নিয়েই শিরোপা রক্ষার লড়াইয়ে নামতে পারে দেশটি।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। তবে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত থাকলেও এবার ঢাকায় সেরা বা মূল দল পাঠাচ্ছ না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফিফা আন্তর্জাতিক উইন্ডো ও অভ্যন্তরীণ ক্লাব ফুটবলের জটিলতায় দ্বিতীয় সারির বা অনূর্ধ্ব-২৩ দল নিয়েই শিরোপা রক্ষার লড়াইয়ে নামতে পারে দেশটি।

​আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসছে সাফের ১৫তম আসর। সূচি অনুযায়ী, ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা ভারতের।

তবে একই সময়ে ভারতের জাতীয় দলের সামনে ঝুলছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি। ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ড সফরে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ফলে সাফের মাঝামাঝি সময়ে জাতীয় দলের মূল তারকাদের পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

সংকট আরও তীব্র করেছে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলোর অবস্থান। ফিফার অফিশিয়াল উইন্ডোর বাইরে ক্লাবগুলো জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য নয়। এমন প্রেক্ষাপটে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) মূল দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ বা রিজার্ভ টিম ঢাকায় পাঠানোর চিন্তাভাবনা করছে।

​তবে, ভারত টুর্নামেন্ট বয়কট করছে বা অংশ নেবে না – সাম্প্রতিক এমন গুঞ্জন জোরালো হলে তা নাকচ করে দেয় সাফ কর্তৃপক্ষ। আয়োজক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ভারতের সরে দাঁড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব বা চিঠি তারা পায়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ছয় দল নিয়েই নির্ধারিত সময়ে টুর্নামেন্ট গড়াচ্ছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link