অতল গহ্বরে লিস্টার, বিসর্জনের মঞ্চেও অবিচল হামজা

ঠিক দশ বছর আগে যে কিং পাওয়ার স্টেডিয়ামে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ জয়ের উৎসবে মেতেছিল লিস্টার সিটি, এক দশক পেরোতেই সেই সবুজ গালিচায় ঝরলো বিষাদের অশ্রু। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও দলের পাশে অবিচল দাঁড়িয়ে আছেন হামজা চৌধুরী।

ফুটবল বিধাতা বড়ই বিচিত্র। ঠিক দশ বছর আগে যে কিং পাওয়ার স্টেডিয়ামে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ জয়ের উৎসবে মেতেছিল লিস্টার সিটি, এক দশক পেরোতেই সেই সবুজ গালিচায় ঝরলো বিষাদের অশ্রু। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও দলের পাশে অবিচল দাঁড়িয়ে আছেন হামজা চৌধুরী।

হাল সিটির বিপক্ষের ম্যাচে অবনমনের কালো মেঘ কাটাতে জয়ের কোনো বিকল্প ছিল না গ্যারি রোয়েটের শিষ্যদের সামনে। কিন্তু অলি ম্যাকবার্নির সমতাসূচক গোলটি লিস্টার সমর্থকদের সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেয়।

হাতে মাত্র দুই ম্যাচ বাকি থাকলেও নিরাপদ অবস্থানের দলের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে। ফলে গাণিতিক হিসেবেই নিশ্চিত হয়ে গেছে তাদের তৃতীয় স্তর বা লিগ ওয়ান-এ যাওয়া। একসময়ে প্রিমিয়ার লিগের টাইটেল জয়ী লিস্টারকে এখন লড়তে হবে ব্রমলি বা ম্যানসফিল্ডের মতো ছোট দলগুলোর বিপক্ষে।

ম্যাচ শেষে সমর্থকদের গগনবিদারী ক্ষোভ যখন খেলোয়াড়দের ওপর আছড়ে পড়ছিল, তখন অধিকাংশ ফুটবলার দ্রুত মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তু ব্যাতিক্রম ছিলেন হামজা চৌধুরী।

অথচ দলের এই কঠিন সময়ে হামজার সামনে সুযোগ ছিল ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমানোর, কিন্তু প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসার টানে তিনি থেকে গিয়েছিলেন। সেই ভালোবাসার প্রতিদান দিতে না পারার যন্ত্রণায় হামজা একাই সমর্থকদের সামনে গিয়ে দাঁড়ান এবং মাথা নত করে ক্ষমা চান। তাঁর এই দায়বদ্ধতা সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেলেও অবনমনের গ্লানি মুছতে পারেনি।

২০১৬ সালে জেমি ভার্ডিদের হাত ধরে লিগ শিরোপা জয়, এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল কিংবা ২০২১ সালের সেই অবিস্মরণীয় এফএ কাপ জয়। লিস্টারের এই সাফল্যগুলো এখন দূর অতীতের মরীচিকা।

বর্তমানের এই হাহাকার নিয়ে কোচ রোয়েট আক্ষেপের সুরে বলেন, ‘আমাদের এই কঠিন সত্যকে মেনে নিতেই হবে। যে ক্লাবটি কিছুদিন আগেও অবিশ্বাস্য সব সাফল্য অর্জন করেছিল, আজ তাদের এই অবস্থা সত্যিই বড় হতাশার।’

​লিস্টারের এই পতনের বীজ শুধু মাঠের খেলায় নয়, রোপিত হয়েছিল মাঠের বাইরেও। আর্থিক অনিয়মের দায়ে এই মৌসুমে তাদের ছয়টি মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়। কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতা আর বারবার কোচ বদলের চড়া মূল্য দিতে হলো ক্লাবটিকে। অর্থের অপচয় আর ব্যবস্থাপনার বিশৃঙ্খলা মিলিয়ে এক সময়ের পরাশক্তি আজ হারিয়ে গেল ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের অন্ধকারে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link