সিটির জয়ধ্বনি, তবুও ট্রফি ছোঁবে আর্সেনাল?

লিগ টাইটেল যেখানে অনায়াসে জেতার কথা ছিল, সেখানে এখন আর্তেতার শিষ্যরা দাঁড়িয়ে আছেন গাণিতিক মারপ্যাঁচের সামনে।

​মৌসুমের শুরু থেকে দাপুটে ফুটবল, পয়েন্ট টেবিলের একচ্ছত্র আধিপত্য আর সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশা – সবই ইঙ্গিত দিচ্ছিল এবার প্রিমিয়ার লিগ ট্রফিটা উত্তর লন্ডনেই যাচ্ছে। কিন্তু লিগ যখন অন্তিম লগ্নে, তখনই যেন পুরনো ভূত তাড়া করতে শুরু করেছে গানারদের। শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা যাদের চিরাচরিত অভ্যাস, সেই আর্সেনাল আবারও কি তবে সেই একই বৃত্তে ফিরছে?

লিগ টাইটেল যেখানে অনায়াসে জেতার কথা ছিল, সেখানে এখন আর্তেতার শিষ্যরা দাঁড়িয়ে আছেন গাণিতিক মারপ্যাঁচের সামনে। ইতিহাদের হারটা শুধু তিন পয়েন্ট খোয়ানো নয়, বরং মানসিকভাবে ভেঙে পড়ার এক অশনি সংকেত। সিটির হয়ে চেরকি আর হাল্যান্ডের গোলগুলো যেন মনে করিয়ে দিল, শীর্ষ পর্যায়ে স্নায়ুর চাপ সামলাতে না পারলে রাজত্ব টিকিয়ে রাখা যায় না।

কাগজে-কলমে আর্তেতার দল এখনো তিন পয়েন্টে এগিয়ে। সিটির হাতে এক ম্যাচ বেশি থাকলেও, মাঠের লড়াইয়ে সেটি পয়েন্ট হিসেবে যোগ হওয়া এখনো বাকি।

আর্সেনালের সামনে অপেক্ষারত শেষ পাঁচটি ম্যাচই লিগ টেবিলের নিচের অর্ধে থাকা দলগুলোর বিরুদ্ধে। অন্য দিকে, সিটির পথটা বেশ বন্ধুর। তাদের মোকাবিলা করতে হবে এভারটন, বোর্নমাউথ এবং বিশেষ করে ইউরোপের দৌড়ে থাকা দুর্দান্ত ফর্মের অ্যাস্টন ভিলার।

যদি সিটি তাদের হাতে থাকা ম্যাচে জয় পায় এবং দুই দলই বাকি পথটা অপরাজিত থাকে, তবে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে গোল ব্যবধানে। যেহেতু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে আর্সেনালের লড়াই বাকি, তাই বড় ব্যবধানে জিতে গোল-তহবিল সমৃদ্ধ করার সুযোগটা আর্তেতার শিষ্যদের হাতেই বেশি।

​তবে ফুটবলের ব্যাকরণ যেখানে শেষ হয়, পেপ গার্দিওলার মস্তিস্ক ঠিক সেখান থেকেই খেলা শুরু করে। যখন ওপারে ডাগআউটে এই স্প্যানিশ মাস্টারমাইন্ড দাঁড়িয়ে থাকেন, তখন প্রিমিয়ার লিগের মতো মঞ্চে অসম্ভব শব্দটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়।

পরিসংখ্যানের শীতল অংক এখনো আর্তেতার পাল্লাই ভারী রাখছে, কিন্তু ফুটবলের সবুজ গালিচায় অংক সবসময় মেলে না। বিশেষ করে প্রতিপক্ষ যখন পেপ গার্দিওলার মতো এক ধুরন্ধর মস্তিস্ক, তখন যেকোন সম্ভাবনাই মুহূর্তেই মিলিয়ে যেতে পারে কর্পূরের মতো।গানাররা কি পারবে শেষ পাঁচটি ম্যাচে নিজেদের স্নায়ু ধরে রাখতে? নাকি প্রিমিয়ার লিগের ট্রফিটা আবারও তার পুরনো ঠিকানা ইতিহাদেই থেকে যাবে?

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link