পুরাতন প্রতিদ্বন্দ্বিতার নতুন প্রচ্ছদ

বল পায়ে ড্রিবলিং কিংবা বুলেট গতির শটে একে অপরকে টেক্কা দেওয়ার দিনগুলো হয়তো গোধূলি বেলায় পৌঁছেছে,তবে এবার বুট পায়ে নয়, এই দ্বৈরথের প্রস্তুতি চলছে শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ডরুমে।

ফুটবল বিশ্বের আকাশছোঁয়া যে দুটি নক্ষত্র গত দুই দশক ধরে সবুজ গালিচায় শ্রেষ্ঠত্বের পসরা সাজিয়ে বসেছিলেন, সেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই কি তবে শেষ হয়েও হইলো না শেষ? বল পায়ে ড্রিবলিং কিংবা বুলেট গতির শটে একে অপরকে টেক্কা দেওয়ার দিনগুলো হয়তো গোধূলি বেলায় পৌঁছেছে,তবে এবার বুট পায়ে নয়, এই দ্বৈরথের প্রস্তুতি চলছে শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ডরুমে।

সম্প্রতি লিওনেল মেসি স্পেনের ‘তেরসেরা ফেডারেশন’ এর ক্লাব ‘করনেলা’-এর  শতভাগ মালিকানা কিনে নিয়েছেন। এর আগেও ‘দেপার্তিভো এলএসএম’ কিংবা স্বীয় শহর রোজারিওতে ‘লিওনেস ডি রোজারিও’ -এর মতো ক্লাবের মালিকানায় রয়েছে এলএমটেন এর নাম। মাঠের ফুটবল থেকে অবসরের পরবর্তী জীবনের ছক হয়তো এভাবেই কষছেন তিনি।

ঠিক এই বিন্দুর সমান্তরালে দাঁড়িয়ে আছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। আগে থেকেই স্পেনের সেগুন্দা ডিভিশনের ক্লাব ‘আলমেরিয়া’-এর পঁচিশ শতাংশ মালিকানার অংশীদার রোনালদো। মেসি যখন তার নব্য কেনা ক্লাব করনেলা নিয়ে স্প্যানিশ ফুটবলে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার স্বপ্ন বুনছেন, তখন সেখানে রোনালদোর আলমেরিয়া এক প্রবল প্রতিপক্ষ হিসেবেই দাঁড়িয়ে আছে।

​তবে ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, মাঠের লড়াইয়ে এই দুই ক্লাব কবে নাগাদ একে অপরের মুখোমুখি হবে? সমীকরণটি কিছুটা জটিল হলেও অসম্ভব নয়। করনেলা লা লিগার স্বপ্নে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে সেগুন্দা ফেডারেশন এবং প্রাইমেরা ফেডারেশনের কঠিন পথ।

লিগ পর্যায়ে এই দুই ক্লাবের দেখা হওয়াটা আপাতত সময়ের হাতে বন্দি থাকলেও, আলমেরিয়ার প্রমোশন কিংবা রেলিগেশনের ওপরও অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ, মালিক হিসেবে এই দুই মহাতারকার সরাসরি সংঘাত দেখতে ফুটবল বিশ্বকে আরও কয়েকটা বসন্ত অপেক্ষা করতে হতে পারে।

যদিও দীর্ঘ প্রতীক্ষার বাইরেও এক ঝটকায় দেখা হওয়ার একটি পথ খোলা আছে, আর সেটি হলো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ‘কোপা দেল রে’। বর্তমানে লিগ টেবিলে করনেলার যে অবস্থান, তাতে তারা আগামী মৌসুমে এই টুর্নামেন্টে খেলার জোরালো দাবিদার। অন্যদিকে সেগুন্দা ডিভিশনের দল হিসেবে আলমেরিয়া সেখানে অবধারিতভাবেই থাকছে। ফুটবলের এই আইকনিক প্রতিদ্বন্দ্বিতা এবার মাঠের সীমানা ছাড়িয়ে বোর্ডরুমের টেবিলে কেমন রূপ নেয়, তা দেখতেই মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link