প্রথম ওয়ানডেতে মাঠে নামার ঠিক আগের দিন বড় ধরনের বিপত্তিতে পড়েছে টিম অস্ট্রেলিয়া। চোট এবং ব্যক্তিগত কারণে দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং তানভীর সংঘাকে ছাড়াই এখন একাদশ সাজাতে হচ্ছে তাদের।
আজ মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ মুহূর্তের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন অজি ক্রিকেটাররা। তবে দলের বড় তারকাদের অনুপস্থিতি তাদের প্রস্তুতির ওপর কিছুটা হলেও প্রভাব ফেলেছে। মূলত মিরপুরের ধীরগতির পিচ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন সফরকারীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অধিনায়ক জশ ইংলিস মিরপুরের কন্ডিশন নিয়ে বেশ সতর্ক। তিনি জানিয়েছেন, যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাটিং সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত, তাদের জন্য এখানকার উইকেট বড় পরীক্ষার কারণ হবে। বিশেষ করে স্পিনের বিপক্ষে নিজেদের সামলে রাখাটাই অজিদের জন্য হবে মূল লড়াই।

তবে বদলি হিসেবে যুক্ত হওয়া অলিভার পিক ও টড মারফির ওপর বেশ আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পিকের মতো তরুণদের জন্য বাংলাদেশের কঠিন কন্ডিশনে খেলাটা ক্যারিয়ারের বড় অভিজ্ঞতা হতে পারে বলে মনে করছেন তারা।
আগামীকাল ৯ জুন মিরপুরে শুরু হওয়া এই ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এখন দেখার বিষয়, তারুণ্যনির্ভর এই অজি বাহিনী মিরপুরের ঘূর্ণি পিচে বাংলাদেশের সামনে কতটা কার্যকর লড়াই উপহার দিতে পারে। সিরিজের শুরুতেই হেড এবং মার্শের মতো দুই তারকাকে হারানোটা নি:সন্দেহে চিন্তায় ফেলল হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ডকে।












