প্রস্তুতি শেষ, এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। রাত পোহালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই লড়াইটা স্বাগতিকদের জন্য নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার এক বড় সুযোগ। অস্ট্রেলিয়া বধের এই মিশনে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, তা একটু খতিয়ে দেখা যাক।
বাংলাদেশের হয়ে স্কোরকার্ড উদ্বোধনের দায়িত্ব থাকবে নি:সন্দেহে তানজিদ হাসান তামিমের ওপর। তবে তাঁর সাথে কে হবেন ওপেনিং পার্টনার তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। সেক্ষেত্রে এবারও সাইফ হাসানের উপরই হয়তো ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে তিনে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
কোনো প্রকার যদি-কিন্তু ছাড়াই মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহীদ হৃদয়। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই তিন জন ব্যাটারই। ব্যাট হাতে তাদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ম্যাচের গতিপ্রকৃতি।

ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের কাঁধে। মিরপুরের উইকেটে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।
অপ্রতিরোধ্য ফর্মে থাকা পেস আক্রমণের নেতৃত্ব থাকবে গতিদানব নাহিদ রানার হাতেই। সেই সাথে মুস্তাফিজের কাটার এবং তাসকিনের সুইং যদি সঠিক লাইনে হয়, তবে অস্ট্রেলিয়াকে অল্প রানেই আটকে রাখা সম্ভব। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে হলে নি:সন্দেহে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে।
সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।












