ফুটবল মাঠে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই যেন দুই সমান্তরাল রেখা। যারা কখনো একে অপরের সাথে মেশে না, কিন্তু সবসময় পাশাপাশি চলে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তাদের ক্যারিয়ারের প্রথম গোল এবং সর্বশেষ গোলের মধ্যবর্তী সময়টা ঠিক যেন বিন্দুতে এসে মিলেছে। ঠিক ২০ বছর ৬ দিন!
রূপকথার শুরুটা হয়েছিল ২০০৬ সালের মাঝামাঝি। ১৬ জুন, সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে তরুণ মেসির প্রথম বিশ্বকাপ গোল। তার ঠিক একদিন পর, ১৭ জুন, ইরানের বিপক্ষে রোনালদোর গোলের খাতা খোলা। দুই কিংবদন্তির শুরুর এই ব্যবধানটি ছিল মাত্র ২৪ ঘণ্টার।
সময় গড়িয়েছে দুই দশক। ২০২৬ সালের ২২ জুন, মেসি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের গোলমেশিনে নিজেকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ঠিক ২৪ ঘণ্টা পর, ২৩ জুন, রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকে মনে করিয়ে দিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি।

মেসি আর রোনালদোর প্রথম গোলের দিনের যে পার্থক্য ছিল, দুই দশক পরের শেষ গোলের দিনগুলোতেও ঠিক সেই একই পার্থক্যের পুনরাবৃত্তি ঘটল।
ফলে তাদের দীর্ঘ ক্যারিয়ারের শুরুর ও শেষের এই দুই মাইলফলকের মাঝে ব্যবধানটা দাঁড়িয়েছে একই – ২০ বছর ৬ দিন। গাণিতিক কাকতালীয় ঘটনার এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে?
ফুটবলের বিশ্বমঞ্চে প্রজন্মের সেরা দুই ফুটবলারের এই সমান্তরাল দৌড় আজ এক বিশেষ বাঁকবদলে এসে দাঁড়িয়েছে। দুই দশক আগের সেই কিশোরসুলভ স্বপ্ন আর আজকের এই অভিজ্ঞতার দম্ভ – সব যেন এই ২০ বছর ৬ দিনের এক অদৃশ্য সুতোয় গাঁথা।












