বাউন্ডারির উন্মাদনায় বিপিএল মাতিয়েছেন স্বদেশীরাই

বাউন্ডারি হাকানোতে পটু হয়ে উঠছেন বাংলাদেশের খেলোয়াড়রা। এবারের দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই ধারাই অব্যাহত রেখেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা।

বাউন্ডারি হাকানোতে পটু হয়ে উঠছেন বাংলাদেশের খেলোয়াড়রা। এবারের দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই ধারাই অব্যাহত রেখেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা। এই দুইজনের ঝুলিতেই আছে সমান ১৯টি করে ছক্কা। এমনকি তাদের চার হাঁকানোর সংখ্যাও সমান। চলুন দেখে নেওয়া যাক এবারের বিপিএলে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকিয়েছেন কারা।

  • ডেভিড মালান (রংপুর রাইডার্স)

রংপুর রাইডার্সের জার্সিতে এবারের মৌসুমটা ডেভিড মালানের খুব ভাল কেটেছে, তা বলার উপায় নেই। তবে বাউন্ডারি হাকানোতে তিনি পিছিয়ে অবশ্য নেই। ৪০ খানা বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে ৩১টি চারের বিপরীতে স্রেফ আটটি ছক্কা হাঁকিয়েছেন ইংলিশ এই ব্যাটার।

  • নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়ার্স)

চ্যাম্পিয়ন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার দলকে সামনে থেকেই দিয়েছেন নেতৃত্ব। বাউন্ডারি হাঁকানোতেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা। রাজশাহী ওয়ারিয়ার্সের জার্সিতে মোট ৪৭টি বাউন্ডারি আদায় করেছেন বা-হাতি এই ব্যাটার। ৩৩টি চার ও ১৪টি ছক্কায় মাতিয়ে রেখেছিলেন তিনি গোটা আসর।

  • তাওহীদ হৃদয় (রংপুর রাইডার্স)

ছক্কা হাকানোতে একটু পিছিয়ে ছিলেন তাওহীদ হৃদয়। তবে মোট বাউন্ডারিতে তিনি রয়েছেন যৌথভাবে শীর্ষে। মোট ৫১টি বাউন্ডারি আদায় করেছেন হৃদয় রংপুর রাইডার্সের জার্সিতে। যার মধ্যে ছিল শান্তর সমান ১৪টি ছক্কা ও ৩৭টি চার। গ্রাউন্ড বাউন্ডারিতে এই তালিকায় শীর্ষে আছেন ডানহাতি এই ব্যাটার।

  • তানজিদ হাসান তামিম (রাজশাহী ওয়ারিয়ার্স)

ফাইনালের হিরো তানজিদ হাসান তামিম ছক্কা হাঁকিয়েছেন ১৯টি। এছাড়াও তার ব্যাট থেকে এসেছে আরও ৩২টি চারের মার। সব মিলিয়ে মোট ৫১টি বাউন্ডারি হাঁকিয়েছেন বা-হাতি এই ব্যাটার। দলের শিরোপা জয়ে ভীষণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে এক ইনিংস বেশি খেলায় একটু পিছিয়ে দ্বিতীয়তে রয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্সের এই ওপেনার।

  • পারভেজ হোসেন ইমন (সিলেট টাইটান্স)

ছক্কা হাঁকানোর স্বভাবজাত গুণ রয়েছে পারভেজ হোসেন ইমনের। তানজিদ হাসান তামিমের সাথে পাল্লা দিয়ে ছক্কা হাঁকিয়েছেন তিনি এবারের বিপিএলে। তার দল সিলেট টাইটান্স ফাইনাল অবধি পৌঁছাতে না পারলেও, বাউন্ডারি আদায়ে তিনি শীর্ষস্থান ঠিকই দখল করে রেখেছেন ৫১টি বাউন্ডারিতে। যার মধ্যে তামিমের সমান ৩২টি চার ও ১৯টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। তামিমের তুলনায় এক ম্যাচ কম খেলায় তিনি আছেন সবার উপরে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link