গেম চেঞ্জার মুস্তাফিজের কদর আছে সুদূর বিলেতেও

'মুস্তাফিজ গেম চেঞ্জিং বোলার'- এই একটি বাক্যের সাথে দ্বিমত পোষণ করবার উপায় কি আছে? কেউ কেউ হয়ত তবুও ভিন্নমত প্রকাশ করতে চাইবে।

‘মুস্তাফিজ গেম চেঞ্জিং বোলার’- এই একটি বাক্যের সাথে দ্বিমত পোষণ করবার উপায় কি আছে? কেউ কেউ হয়ত তবুও ভিন্নমত প্রকাশ করতে চাইবে। তাদের দ্বিধাকে একেবারে শূন্য়ে নামিয়ে আনার জন্যই সম্ভবত দ্ব্যর্থহীন কণ্ঠে মুস্তাফিজের প্রশংসা করেছেন শেন বন্ড।

নিউজিল্যান্ডের সাবেক পেস বোলার এখন কোচিংকে বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে। সে ধারাবাহিকতায় দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। আর সেই তিনিই মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে চলেছেন মুস্তাফিজুর রহমান। নিলামের একেবারে শেষদিকে তাকে দলে ভিড়িয়েছিল বার্মিংহ্যাম ফিনিক্স। পূর্ব পরিকল্পনা ও মুস্তাফিজের সক্ষমতার প্রতি আস্থা থেকেই তাকে দলে ভিড়িয়েছেন শেন বন্ড।

মুস্তাফিজ প্রসঙ্গে বন্ড বলেন, ‘সে একজন গেমচেঞ্জিং বোলার। কারণ সে অনেক ইউনিক, যে অফ স্পিনারটা (কাটার) করে।’ মুস্তাফিজের অফ কাটার একসময় ছিল দুর্বোধ্য। তবে সময়ের পরিক্রমায় তার সেই কাটারের ভয় খানিকটা কমলেও, কার্যকারিতা কমেনি একটু।

তাছাড়া দ্য হান্ড্রেডের মত টুর্নামেন্টে মুস্তাফিজের ভেরিয়েশন হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। অকপটেই সে কথা গুলো বলেছেন শেন বন্ড। তিনি বলেন, ‘কম গতির বল এই খেলায় বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা রিসার্চ করে দেখেছি ইংল্যান্ডে অনেকগুলো মাঠ আছে যেখানে বল কিছুটা টার্ন করতে পারে। মৌসুম যত আগাবে তত এটা টের পাওয়া যাবে। ফলে দলে তার মত (ফিজের মত) একজন বোলার থাকাটা দারুণ হতে যাচ্ছে।’

ঠিক এ কারণে এক লাখ পাউন্ডের বিনিময়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। তবে এক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সে মুস্তাফিজের সাথে শেন বন্ডের গড়ে ওঠা নিবিড় গুরু-শীষ্য সম্পর্ক প্রভাবক হিসেবে কাজ করেছে। সেখান থেকেই বন্ডের গুডবুকে স্থান করে নিয়েছেন মুস্তাফিজ। এরপর প্রথম ও এবারের আসরের একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি স্থান করে নিয়েছেন দ্য হান্ড্রেডে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link