পাল্লেকেল্লে লঙ্কান ক্রিকেটের ঘাঁটি

আয়তনে খানিকটা ছোট এই মাঠে, রান হওয়ার সম্ভাবনা প্রবল। ম্যাচের আগের দিন লঙ্কান ব্যাটারদের হাতখুলে ব্যাট চালানোও ব্যাটিং উইকেটের ইঙ্গিতও দিয়েছে। অতএব টস ভুলে, বাংলাদেশকে পারফরম করতে হবে নিজেদের সর্বোচ্চ নিবেদন দিয়ে।

বিধাতার হাতে আঁকা ছবি। এর মাঝেই দাঁড়িয়ে আছে পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ওয়ানডে সিরিজ নির্ধারণের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে এই মাঠেই। যদিও এই মাঠে পঞ্চাশ ওভারের ফরম্যাটে বাংলাদেশের পাল্লা সমান অবস্থানে। দুইটি ম্যাচ খেলে একটিতে জয়, আরেকটিতে পরাজয়। সর্বশেষ ম্যাচটি অবশ্য শ্রীলঙ্কাই জিতেছে।

এই মাঠে গেল বছর আটটি ওয়ানডে খেলে ছয়টি ম্যাচই জিতেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টির জলে। অতএব এই মাঠ যে লঙ্কান ক্রিকেটের শক্তির জায়গা- তা নিশ্চয়ই আর বলে দিতে হচ্ছে না। হাতের মুঠোর মত করে এই মাঠ চেনা লঙ্কানদের।

এখানে তাদের ক্ষেত্রে টস জয় বা পরাজয়- কোন কিছুই আসলে বিবেচ্য নয়। প্রথমে ব্যাট করে ২১ ম্যাচের মধ্যে ১০টি জিতেছে তারা। রান তাড়ায় স্বাগতিকদের জয় ১৯ ম্যাচের মধ্যে ১২টিতে। এমনকি শেষ যেবার তারা বাংলাদেশকে এই মাঠে হারিয়েছিল, সেবারও পরে ব্যাট করেছিল শ্রীলঙ্কা।

বাংলাদেশকে স্রেফ ১৬৮ রানে গুটিয়ে দিয়েছিল লঙ্কানরা। এরপর বর্তমান ওয়ানডে অধিনায়ক চারিথ আসালাঙ্কা ফিফটি হাঁকিয়ে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন। আর বাংলাদেশের জয়টি এসেছিলে সেই এক যুগ আগে, ২০১৩ সালে। সেবার অবশ্য বাংলাদেশ রান তাড়া করেছিল।

বৃষ্টি আইনে তিন উইকেটে জিতেছিল সফরকারীরা। এছাড়াও এই মাঠে সফরকারী দল হিসেবে পরে ব্যাট করে জয় ছিনিয়ে নেওয়া গেছে ২৫ ম্যাচের মধ্যে ১৩বার। কিন্তু আগে ব্যাট করে ২৩ ম্যাচের মধ্যে স্রেফ ছয়টি ম্যাচে জয় পেয়েছে অ্যাওয়ে দল।

অতএব বাংলাদেশের জন্যে বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তাছাড়া খানিকটা বাড়তি দুশ্চিন্তার কারণ পাথুম নিসাঙ্কা। এই মাঠে ২১০ রানে অপরাজিত থাকার রেকর্ডটা যে তারই দখলে। এমনকি অ্যাকটিভ খেলোয়াড়দের মধ্যে এখানে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তারই ব্যাট থেকে। এরপরের অবস্থানে আছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা।

ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, তা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন নেই। আয়তনে খানিকটা ছোট এই মাঠে, রান হওয়ার সম্ভাবনা প্রবল। ম্যাচের আগের দিন লঙ্কান ব্যাটারদের হাতখুলে ব্যাট চালানোও ব্যাটিং উইকেটের ইঙ্গিতও দিয়েছে। অতএব টস ভুলে, বাংলাদেশকে পারফরম করতে হবে নিজেদের সর্বোচ্চ নিবেদন দিয়ে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link