২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে শতরানের ইনিংস খেলেছেন সাতবার। এই সময়ে তাঁর সমান সেঞ্চুরি নেই আর কারো। পাকিস্তান হোক কিংবা মুলতান সুলতান্স, ব্যাট হাতে সব জার্সিতেই ঝড় তোলেন শাহিবজাদা ফারহান। প্রশংসিত হচ্ছেন সবার কাছে। কিন্তু, এই সবকিছুর শুরুর ভারতের মাধ্যমে।
বুঝলেন না তো? অনেকেরই না বোঝার কথা। ফিরে যেতে হয় এই বছরের শুরুতে হয়ে যাওয়া এশিয়া কাপের ফাইনালে। যেখানে মুখোমুখি হয় দুই ঘোর প্রতিদ্বন্ধী ভারত আর পাকিস্তান। যেখানে শুরুতে ব্যাট করার সুযোগ পায় সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান।
বল ছুঁড়ছেন জাসপ্রিত বুমরাহ। শাহিবজাদা তাঁকে হাঁকালেন তিনটি ছক্কা। ২২ গজে যা দেখার ভাগ্য হয় না সচরাচর। সাথে আরও পাঁচ চার মেরে তুলে নেন অর্ধশতক। তারপর, বন্দুক ছোড়ার ভঙ্গিতে উদযাপন করে হন বিতর্কিত।

সেই ম্যাচের অনেক আগে থেকেই ব্যাট হাতে ২২ গজে ঝড় তোলার অভ্যাস ছিল শাহিবজাদার। কিন্তু, বড় মঞ্চ, ভারতের মতো প্রতিপক্ষ আর সেখানে বুমরাহর মতো বোলারকে তিন ছক্কা মেরে নাজেহাল করার পর থেকেই যেন সবাই তাঁর নামে আলোচনা শুরু করে।
শাহিবজাদা সম্প্রতি মুখ খোলেন এই বিষয়ে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে এশিয়া কাপে ছক্কা মারার পর থেকেই মানুষ আমার ছয় মারার দক্ষতার বিষয়ে কথা বলতে শুরু করে।’
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে তিন নাম্বারে থাকা শাহিবজাদার দল সেদিন ভারতকে হারিয়ে এশিয়ার সেরা হতে পারেনি। কিন্তু, ৩০ বছরের এই ডানহাতি ব্যাটার বুমরাহকে তিন ছক্কা মারার পর থেকেই যে প্রশংসায় ভাসতে শুরু করেছেন তা যেন থামছেই না।











