নাহিদ রানা কিংবা শরিফুল ইসলাম দুজনের কেউই নেই নিউজিল্যান্ড সিরিজের জন্য। কিন্তু, অধিনায়ক বাবর আজম সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাধা আসেনি পেশোয়ার জালমির জন্য। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে তারা জায়গা করে নিলো প্লে-অফে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরতেই ওপেনার আহসান আলীকে হারায় কোয়েটা। পাওয়ারপ্লের মধ্যেই ফিরে গেছেন অধিনায়ক সাউদ শাকিলও। বড় ইনিংস আসেনি রাইলি রুশোর কাছ থেকেও।
হাসান নেওয়াজের ৩৫ বলে ধীরগতির ৩৭ রানের ইনিংস ছাড়া আর কেউই ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি কোয়েটার হয়ে। দুই বাংলাদেশি ছাড়া বোলিং লাইনআপ সাজিয়েও জালমি কোয়েটাকে অলআউট করে ১৫৪ রানে।

তাড়া করতে নেমে পেশোয়ারকে ভালো শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম আর মোহাম্মদ হারিস। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৭৫ রান। হারিস ৩৫ রান করে ফিরলেও অন্য প্রান্ত আগলে রাখেন বাবর।
কুশল মেন্ডিস ২১ রান করে ফিরলেও পেশোয়ারকে কঠিন সময়ের মোকাবিলা করতে হয়নি। কারণ, আরেকদিকে অর্ধশতক তুলে নিয়ে ম্যাচ জেতার পথ সহজ করে দেন বাবর। অপরাজিত থাকেন ৭১ রানে।
নাহিদের ভয়ংকর গতি কিংবা শরিফুলের নিয়ন্ত্রণ এই ম্যাচে না থাকলেও পেশোয়ারকে ভুগতে হয়নি। বাবরের ব্যাটিংয়ে ম্যাচ জিতেছে সহজে। আট উইকেটের এই বিজয় তাদেরকে প্লে-অফে জায়গা করে দিলো।











