আইপিএলে ঘরের মাঠে দাপট যাদের

নিজেদের চেনা মাঠ, চেনা গ্যালারি আর পরিচিত বাতাসের আর্দ্রতাকে পুঁজি করে প্রতিপক্ষকে কুপোকাত করার লড়াই ক্রীড়াঙ্গনে নিত্যনৈমিত্তিক ব্যাপার।

নিজেদের চেনা মাঠ, চেনা গ্যালারি আর পরিচিত বাতাসের আর্দ্রতাকে পুঁজি করে প্রতিপক্ষকে কুপোকাত করার লড়াই ক্রীড়াঙ্গনে নিত্যনৈমিত্তিক ব্যাপার। তেমনটার ব্যাতিক্রম না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। ওয়াংখেড়ের লাল মাটি থেকে চিপকের ঘূর্ণি জাল, প্রতিটি ভেন্যু যেন এক একটি আলাদা সাম্রাজ্য।

আইপিএলে ঘরের মাঠে সবচেয়ে সফল দলগুলোকে নিয়েই খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম (হায়দ্রাবাদ)

উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে ৩৯টি ম্যাচ। জয়ের সংখ্যার দিক থেকে তালিকার পাঁচ নম্বরে থাকলেও, ৬১ শতাংশ জয় নিয়ে ঘরের মাটিতে জয়ের হারে মুম্বাই আর চেন্নাইয়ের পরেই অরেঞ্জ আর্মিদের অবস্থান।

  • এম চিন্নাস্বামী স্টেডিয়াম (ব্যাঙ্গালুরু)

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে বলা হয় ব্যাটারদের স্বর্গরাজ্য। এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৪৮টি ম্যাচ। ছোট বাউন্ডারির এই মাঠে রানের পাহাড় গড়েও অনেক সময় রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে, তাই জয়ের হার এখানে মাত্র ৫১ শতাংশ।। তা সত্ত্বেও কোহলি-ডি ভিলিয়ার্সদের বহু অতিমানবীয় ইনিংসের সাক্ষী হয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নদের এই হোম ভেন্যু।

  • এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই)

জয়ের সংখ্যায় তিনে থাকলেও কার্যকরিতার বিচারে রাজকীয় অবস্থানে চেন্নাই সুপার কিংস। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) ৫৩টি জয় পেলেও সিএসকের জয়ের হার বিস্ময়করভাবে সর্বাধিক ৬৬ শতাংশ। ধোনির মগজাস্ত্র আর চিপকের টার্নিং ট্র্যাকে প্রতিপক্ষ যখন দিশেহারা হয়, গ্যালারির হলুদ আর্মি তখন উৎসবে মাতে। ঘরের মাঠে চেন্নাই মানেই এক প্রকার নিশ্চিত পরাজয় স্বীকার করে নেওয়া।

  • ইডেন গার্ডেন্স (কলকাতা)

কলকাতার ইডেন গার্ডেন্স মানেই বেগুনী রঙের জোয়ার। ঘরের মাঠে ৫৪টি জয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটের নন্দনকাননে তাদের জয়ের হার ৫৬ শতাংশ। যদিও শতাংশের হিসেবে তারা কিছুটা পিছিয়ে, তবে ইডেনের মন্থর পিচ আর স্পিন-স্বর্গে কেকেআর বরাবরই এক দুর্ভেদ্য শক্তি।

  • ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম (মুম্বাই)

মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের সমার্থক হয়ে দাঁড়িয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। ঘরের মাঠে ৫৮টি জয় নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে নীল জার্সিধারীরা। সমুদ্রতীরের এই মাঠে মুম্বাইয়ের জয়ের হার ৬২ শতাংশ। সমুদ্রের হাওয়া আর ওয়াংখেড়ের লাল মাটির পিচে মুম্বাইয়ের পেসার এবং পাওয়ার হিটাররা প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিতেই অভ্যস্ত।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link