ধারহীন মুস্তাফিজ!

মুস্তাফিজুর রহমানের বলের ধার কোথায়? যে বিষে নীল হতো প্রতিপক্ষের ব্যাটার, সেই বিষ হারিয়ে গেল কোথায়? থ্রেট নেই, ব্যাটাররা উইকেট দেওয়ার ইচ্ছে পোষণ না করলে তিনি উইকেটের দেখা পাচ্ছেন না। আর এটাই মূলত বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

মুস্তাফিজুর রহমানের বলের ধার কোথায়? যে বিষে নীল হতো প্রতিপক্ষের ব্যাটার, সেই বিষ হারিয়ে গেল কোথায়? থ্রেট নেই, ব্যাটাররা উইকেট দেওয়ার ইচ্ছে পোষণ না করলে তিনি উইকেটের দেখা পাচ্ছেন না। আর এটাই মূলত বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

মুস্তাফিজ দলের অপরিহার্য অংশ। তাঁকে ছাড়া বোলিং আক্রমণ ভাবতে পারে না বাংলাদেশ। সেই আস্থার প্রতিদান তিনি দিয়ে এসেছেন প্রতিনিয়ত। তবে সময়ের সাথে নিজেকে মানিয়ে না নিলে যে পিছিয়ে যেতে হয়। মুস্তাফিজের দশাটা কি তেমনই?

ক্রিকেট বদলে গেছে। এখন ডট বল আদায়ের জন্য একজন বোলার বল করেন না। সেটাতে লাভও নেই, আধুনিক জামানায় ব্যাটাররা রান তোলার জায়গাটা ঠিকই খুঁজে নিতে জানেন। বোলারদের কাজটা তাই আক্রমণ করা, থ্রেট সৃষ্টি করা, উইকেট জোর করে তুলে নেওয়া। তবে ফিজ এখন এর কোনোটিই করতে পারছেন না।

জলজ্যান্ত উদাহরণ হতে পারেন তাসকিন আহমেদ। নতুন বলে রীতিমতো ত্রাস ছড়াচ্ছেন। গতি-সুইংয়ে ব্যাটারকে ভ্যাবাচ্যাকা খাইয়ে ছাড়ছেন। সেই সাথে উইকেট তো আছেই। মূল কথা, তাসকিনকে দৌড়াতে দেখে মনে হচ্ছে এই বলটাই কিছু একটা হবেই। যেটা মুস্তাফিজের ক্ষেত্রে অনুপস্থিত।

ফিজ বল করে যাচ্ছেন। ব্যাটার সেটা অনায়াসে খেলছে। কাটার-স্লোয়ারে বিশেষ কিছু নেই। হয়তো উইকেট পাচ্ছেন না, পরের ম্যাচে দুই-একটা পেয়েও যাবেন। তবে ত্রাস সৃষ্টিকারী কিছু নেই বোলিংয়ে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের সমস্যা দুটো জায়গায় হবে। এক, ডেথ ওভারে কিছুই থাকবে না বাংলাদেশের জন্য; দুই, ফিজকে বোঝা হিসেবেই টেনে নিতে হবে।

বাংলাদেশ নতুন বলে উইকেট পাচ্ছে, তবে মাঝের ওভারে খাবি খাচ্ছে বোলাররা। ফিজ এই ওভারগুলোতেই আক্রমণে আসেন। ডেথ ওভারে এমন নির্জীব বোলিং করলে ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। এখানেই দুই নম্বর সমস্যার দরজা খুলে যায়।

মুস্তাফিজ এমন এক ক্যারেক্টার, যাঁকে বাদ দেওয়া যায় না। তাই তো তাঁর অপারগতার ভার কাঁধে নিয়েই ছুটতে হবে বাংলাদেশকে। দ্রুত সমাধান না এলে যার খেসারত গুনে গুনে দিতে হবে। যেমনটা ত্রিদেশীয় সিরিজে দিতে হলো। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক বা আফগানিস্তান, মুস্তাফিজ নিতান্তই সাদামাটা একজন বোলারে পরিণত হয়েছেন।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link