ছয় রাউন্ড শেষে জমে উঠেছে এনসিএলের লড়াই। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত পরিসংখ্যানটা সমৃদ্ধ করে নিতে চাইছেন অনেকেই। ব্যাটাররা যেমন রানের তুলতে মরিয়া, তেমনই উইকেট নিতে মুখিয়ে আছেন বোলাররা। চলুন এই পর্বে দেখে নেওয়া যাক, ছয় রাউন্ড শেষে সেরা পাঁচ বোলারের তালিকা।
তালিকার সবার উপরের নামটা বরিশালের তানভির ইসলামের। ঘুর্নি জাদুতে প্রতিপক্ষ ব্যাটারদের ঘায়েল করে যাচ্ছেন প্রতিনিয়ত। ছয় ম্যাচে ১১ ইনিংস বল করে শিকার করেছেন ৩১ উইকেট, আছে দুই ফাইফারও।
পরের নামটা চট্টগ্রামের স্পিনার নাইম হাসানের। এখন পর্যন্ত ১২ ইনিংস খেলে শিকার করেছেন ২৬ উইকেট। তানভিরের মতোই তারও আছে দুই ফাইফার। চট্টগ্রামের স্পিন ডিপার্টমেন্ট সামলানোর গুরুদায়িত্ব যে তাঁর কাঁধে। সেই কাজটায় দক্ষতার সাথে করে যাচ্ছেন নাইম।

উইকেট শিকারির প্রথম দুইজনই স্পিনার। টপ থ্রিতে কোন পেসার থাকবে না, তাই কি হয়? রংপুরের রবিউল হক নিজের নামটা নিয়ে এলেন তিন নম্বরে। পাঁচ ম্যাচে নয় ইনিংস মিলিয়ে তাঁর শিকার ২২ উইকেট। নামের পাশে আছে এক ফাইফারও।
রবিউলের সাথে পাল্লা দিয়েই লড়ছেন বরিশালের রুয়েল মিয়া। সমান সংখ্যক ম্যাচ খেলেছেন, উইকেট সংখ্যাটাও সমানই। ২২ উইকেটের সাথে নিয়েছেন দুই ফাইফার। যেন দুজনের দ্বৈরথটা একেবারে ব্যক্তিগত।
শেষ নামটা রংপুরের মুকিদুল ইসলাম মুদ্ধ। নামের মতোই বল হাতেও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মাত্র তিন ম্যাচ খেলেছেন, ছয় ইনিংসের শিকার করেছেন ২১ উইকেট। স্ট্রাইক রেটের বিচারে তাঁর ধারের কাছে কেউ নেই। ছয় রাউন্ড পুরোপুরি খেলতে পারলে উপরের জায়গাটাও নিজের করে নিতে পারতেন হয়তো।












