বুলবুলের পতনের বীজটা বোনা হয়েছিল কোথায়!

বাংলাদেশের মতো জায়গা, ক্রিকেট যেখানে আবেগ আর গর্বের সংমিশ্রণ, একটি জাতির হৃদস্পন্দন, সেই জায়গাটাকেই যেন ধীরে ধীরে নিঃশ্বাসহীন করে ফেলেছিল এক অদৃশ্য অচলাবস্থা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধ্যায় শুরু হয়েছিল আশার আলো নিয়ে, তবে শেষটা হলো হতাশা, বিতর্ক আর বিশৃঙ্খলার অন্ধকারে।

বাংলাদেশের মতো জায়গা, ক্রিকেট যেখানে আবেগ আর গর্বের সংমিশ্রণ, একটি জাতির হৃদস্পন্দন, সেই জায়গাটাকেই যেন ধীরে ধীরে নিঃশ্বাসহীন করে ফেলেছিল এক অদৃশ্য অচলাবস্থা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধ্যায় শুরু হয়েছিল আশার আলো নিয়ে, তবে শেষটা হলো হতাশা, বিতর্ক আর বিশৃঙ্খলার অন্ধকারে।

জাতীয় ক্রীড়া পরিষদের এক ঘোষণায় ভেঙে দেওয়া হলো পুরো বোর্ড। আর সেই সঙ্গে শেষ হয়ে গেল শেষ পর্যন্ত টিকে থাকা বুলবুলের লড়াইও। কিন্তু প্রশ্ন হলো, এই পতনের বীজটা কোথায় বোনা হয়েছিল?

সবচেয়ে বড় আঘাতটা এসেছিল বিশ্বমঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নামটা কাটা যাওয়া, এটা ছিল এক দুঃস্বপ্ন! নিরাপত্তার আড়ালে লুকানো সেই ব্যর্থতা আসলে ছিল পরিকল্পনার অভাব, কূটনীতির দুর্বলতা আর দায়িত্বহীনতার এক নির্মম প্রতিচ্ছবি।

শুধু আন্তর্জাতিক মঞ্চ নয়, দেশের ভেতরেও থেমে গিয়েছিল ক্রিকেটের চাকা। মার্চ-এপ্রিল ক্রিকেটের সবচেয়ে জমজমাট সময়, অথচ ঢাকা প্রিমিয়ার লিগে একটি বলও গড়ায়নি! মাঠগুলো জুড়ে শুধুই যেন হাহাকার। সেই সঙ্গে শত শত ক্রিকেটার হারিয়ে ফেলেছে তাদের আয়ের পথ।

এর মাঝেই আয়োজন করেই আরেক বিতর্ককে টেনে আনা হয় এম নাজমুল ইসলামকে ফিরিয়ে এনে। তাতেই ক্রিকেটারদের সংগঠন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, তাদের সঙ্গে বোর্ডের দূরত্বও দিন দিন বেড়েছে। সংলাপের দরজা বন্ধ করা হয়, দাবিগুলো হয় উপেক্ষিত, অবস্থা এমন, ক্রিকেটাররা যেন নিজেদের ঘরেই হয়ে উঠেছিল পরবাসী।

আর পতনের কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেকটা ছিল মিডিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, হুমকি পাল্টা জবাবে সাংবাদিকদের বয়কটের ডাক। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটটা যেন পরিণত হয়েছিল অন্ধকার এক গুহায়, যেখানে আলো নেই একটুও।

পুরাতন চেয়ারে নতুন করে বসেছেন তামিম ইকবাল, সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বোধহয় অন্ধকার গুহায় আলো জ্বালানো। সেই কাজটা কি করতে পারবে নতুন কমিটি? নাকি এ অন্ধকার দূর হওয়ার নয়?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link