বর্ষাকালে কেন মেয়েদের বিপিএল?

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নারীদের বিপিএল আয়োজন করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বোধনী আসর এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা এখন হবে জুলাই মাসে। তবে প্রশ্নটা হচ্ছে, বিসিবি কি জানে না জুলাইয়ে দেশে কী পরিমাণ বৃষ্টি হয়? নাকি জেনেও ভান করে না জানার?

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নারীদের বিপিএল আয়োজন করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী আসর এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা এখন হবে জুলাই মাসে। তবে প্রশ্নটা হচ্ছে, বিসিবি কি জানে না জুলাইয়ে দেশে কী পরিমাণ বৃষ্টি হয়? নাকি জেনেও ভান করে না জানার?

ক্যালেন্ডারের পাতা ঘাটলে এই সময়টা চলবে আষাঢ়-শ্রাবণ মাস। এই সময়টাতে ক্রিকেট আয়োজন করা নেহাত অযৌক্তিক ব্যাপারই বইকি। টানা বৃষ্টিতে বল মাঠে গড়াবে কিনা আদৌ তা নিয়ে সংশয় তো থেকেই যায়। তবে এমন সময় কেন আয়োজন করার সিদ্ধান্ত নিল বিপিএল? এটার উত্তর কেবল, এই টুর্নামেন্টকে নিছক এক ছেলেখেলা হিসেবে নিচ্ছে ক্রিকেট বোর্ড।

একটা ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। নির্ধারিত তিন ভেন্যুর একটি শহীদ চান্দু স্টেডিয়াম। সেখানে গতবছরের জুলাই মাসের চিত্র এটি। বৃষ্টির জলে ডুবে আছে স্টেডিয়াম। ভাবুন তো, এর মাঝে আদৌ কি একটা বল গড়ানো সম্ভব মাঠে? অবশ্য গুরুত্ব যদি না দেওয়া হয় তবে এমন মাঠে খেলা আয়োজন করা যায়।

শুরুতে অবশ্য পরিকল্পনা ছিল ভিন্ন। তিন দল নিয়ে আগামী ৪ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল নারী বিপিএলের প্রথম আসর। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাই মাসে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি।

শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রেও শুরু থেকেই কিছুটা জটিলতা দেখা গেছে। তিনটি দলের স্বত্ব বিক্রির জন্য আবেদন আহ্বান করলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। দুই দফায় সময় বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত আবেদন নেওয়া হলেও শেষ পর্যন্ত মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজির বিষয়টি প্রায় চূড়ান্ত করা সম্ভব হয়েছে।

জানা গেছে, পুরুষদের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ওয়ারিয়র্সের স্বত্বাধিকারী নাবিল গ্রুপ নারী দলের মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি চট্টগ্রামভিত্তিক কন্টিনেন্টাল গ্রুপও একটি দলের দায়িত্ব নিতে চায়। তবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি।

সব মিলিয়ে নারী বিপিএলের উদ্বোধনী আসর ঘিরে এখনো রয়েছে অনিশ্চয়তা। একদিকে ফ্র্যাঞ্চাইজি সংকট, অন্যদিকে প্রস্তুতির ঘাটতি—তার সঙ্গে যুক্ত হয়েছে বর্ষাকালের বৃষ্টির আশঙ্কা। তাই তো প্রশ্ন আসেই, নারী বিপিএলের মোড়কে বর্ষাকালে ক্রিকেট মাঠে কি ফুটবল টুর্নামেন্ট খেলবে মেয়েরা?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link