রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন ক্যারিবিয়ানদের দখলে। শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েলদের ঝড়ের প্রতাপে স্কোরবোর্ডে রান উঠেছে প্রবল গতিতে। তাতে করে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও গড়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবুয়ের টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠানো যেন কাল হয়ে দাঁড়াল। একটা দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইকরেট যদি হয় ১৩৩, সেই ব্যাটিং ইউনিটকে দমানো কি আর যায়! জিম্বাবুয়েও পারেনি। তবে প্রথমে অবশ্য দুই ওপারকে চাপে ফেলে দিতে সক্ষম হয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এরপরই শুরু হয় শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের তুখোড় তাণ্ডব।

এই দুই ব্যাটার রীতিমত তুলোধুনো করেছেন জিম্বাবুয়ের বোলিং ইউনিটকে। এই দুই ব্যাটার স্রেফ ৫২ বলে, ১২২ রান যুক্ত করেছেন নিজেদের স্কোরবর্ডে। হেটমায়ারের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৮৫ রান। তিনি এগিয়ে যাচ্ছিলেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির দিকে। অন্যদিকে পাওয়েল শুরুতে সংযত থাকলেও, ইনিংস শেষ করেছেন ৩৫ বলে ৫৯ রানে।
শেরফেন রাদারফোর্ডের ১৩ বলে ৩১ আর রোমারিও শেফার্ডের ১০ বলে ২১ এর সাথে জেসন হোল্ডারের চার বলে ১৩ রানের কল্যাণে- ২৫৪ রানে থামে ক্যারিবিয়ানদের আগ্রাসনের টর্নেডো। এতে করে এবারের বিশ্বকাপে ওমানের বিপক্ষে আয়ারল্যান্ডের করা ২৩৫ রানের সংগ্রহ টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষদিকে বেশ কয়েকটি উইকেটের পতন না ঘটলে, নিঃসন্দেহে তারা বসে যেত সবার উপরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটা এখনও রয়েছে শ্রীলঙ্কার দখলে। প্রথম বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। এরপরে এই নিয়ে স্রেফ দ্বিতীয় দফা বিশ্বকাপের মঞ্চে ২৫০ রান ছাড়ালো কোন দলের দলীয় সংগ্রহ।











