জিম্বাবুয়ের কাঁটা ঘায়ে মতির নুনের ছিটা

অবশেষে থামল উড়ন্ত জিম্বাবুয়ের দুরন্ত যাত্রা। ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া রান পাহাড়ে পিষ্ট দলটাকে লড়াই করবার সুযোগটুকু দিলেন না গুদাকেশ মতি।

অবশেষে থামল উড়ন্ত জিম্বাবুয়ের দুরন্ত যাত্রা। ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া রান পাহাড়ে পিষ্ট দলটাকে লড়াই করবার সুযোগটুকু দিলেন না গুদাকেশ মতি। তার দৃষ্টিনন্দন টপ অফ অফস্ট্যাম্প চ্যানেল বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। আর তাতেই ১০৭ রানের বিশাল পরাজয় বরণ করে নিতে হয় জিম্বাবুয়েকে।

এদিন জিম্বাবুয়ে সম্ভবত সবচেয়ে বড় ভুলটা করে টসে জিতে বোলিং নিয়ে। তাদের সেই ভুলের খেসারত যেন দিতে হয় সেটাই নিশ্চিত করেছেন শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। ধুন্ধুমার ব্যাটিংয়ের রান তোলার অবাধ্য মিশনে নেমে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। রীতিমত ধ্বংসযজ্ঞ চালান হেটমায়াররা। এই ধ্বংসযজ্ঞের দোষারোপ চাইলেই করা যায় তাসিঙ্গা মুসেকিওয়াকে। কেননা তিনিই যে দুই দফা ছেড়েছিলেন হেটমায়ারের ক্যাচ।

এরপর হেটমায়ার খেলেন ৩৪ বলে ৮৫ রানের দুর্ধর্ষ ইনিংস। সাথে রভম্যান পাওয়েল যোগ করেন ৩৫ বলে ৫৯। শেষদিকে শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৫৪ রান স্কোরবোর্ডে জমা করে তারা। বিশ্বকাপের মঞ্চে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ।

যথারীতি রানের চাপে পিষ্ট জিম্বাবুয়ে। প্রথম বল থেকেই আক্রমণ করার ভাবনা নিয়ে নামে বাইশ গজে। আর সেই ভাবনার পূর্ণ ফায়দা তুলে নিয়েছেন গুদাকেশ মতি। জিম্বাবুয়ের তিন ব্যাটারকে বোল্ড করেন মতি, প্রায় একই ধাঁচের বোলিংয়ে। মিডল স্ট্যাম্পে বল করা বল স্পিন করে বেড়িয়ে যাচ্ছে অফস্ট্যাম্পের কোল ঘেষে। এমন চ্যানেল বোলিংয়ে তিন দফাই বাজিমাত করেন মতি। মাঝে একটি মেইডেন ওভারও তুলে নেন।

এর আগে ম্যাথু ফর্ডে শুরু করেন উইকেট শিকারের যাত্রা। আকিল হোসেনও হাত ঘুরিয়ে শিকার করে নেন তিন খানা উইকেট। লড়াই করবার মত শক্তি আর কি বাকি থাকে! যদিও শেষদিকে ব্র্যাড ইভান্স পরাজয়ের ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা চালান। ২১ বলে করেন ৪১১ রান। তবুও ২.২ ওভার বাকি থাকতেই ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বিশাল পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা যেন পড়েছে মাটিচাপা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link