বাংলাদেশ ক্রিকেটে ‘ক্রিকেট’ ছাড়া সব হয়

শিকড় ছাড়া গাছ বাঁচে না। ক্রিকেট ছাড়াও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাঁচার কথা নয়। কিন্তু, বিসিবি ক্রিকেট ছাড়াও দিব্যি বেঁচে আছে প্রতাপের সাথেই।

শিকড় ছাড়া গাছ বাঁচে না। ক্রিকেট ছাড়াও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাঁচার কথা নয়। কিন্তু, বিসিবি ক্রিকেট ছাড়াও দিব্যি বেঁচে আছে প্রতাপের সাথেই।

বাংলাদেশের মাঠের ক্রিকেটের যাচ্ছেতাই অবস্থা। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী হয়েছে। দিন শেষে ক্রিকেটটাই তো বোর্ডের মূল প্রোডাক্ট। বিষয়টাকে যদি, বানিজ্যও ধরে নেন তাহলেও সব বাদ দিয়ে মাঠের ক্রিকেট কিভাবে আরও বেটার হতে পারে, কিভাবে ফলাফল আসতে পারে, আইসিসি ইভেন্টে কিভাবে আরও ভাল করা যায় – সেদিকে নজর থাকা উচিৎ।

ক্রিকেট না বাঁচলে এই বিশাল কাঠামো, এই বিরাট সংস্থা টিকতে পারার কথা নয়। অথচ, সেই নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। কিন্তু, বিসিবিতে যখনই যেই আসুক না কেন, তিনি বা তাঁরা এটা বুঝেই আসেন যে – এখানে ক্রিকেটের খুব উন্নতি না করলেও টিকে থাকা যায়।

ক্রিকেটের নেতিবাচকতার মধ্যে কিছুটা সুসংবাদও আছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেন দাপট দেখাচ্ছেন, নাহিদ রানাও হয়তো দেখাবেন। শ্রীলঙ্কার মাটিতে যুবদল দারুণ খেলছে। কিন্তু, সেসব কারো আলোচনা দখল করতে পারছে না। মাঠের পারফরম্যান্স টিআরপির নিশ্চয়তা দিচ্ছে না।

মাঠের পারফরম্যান্স নয় বরং দেশের ক্রিকেটের এখন মূল আলোচনার বিষয় আধিপত্য বিস্তার, অর্থ লোপাট, ক্ষমতার অপব্যবহার সহ নানান দুর্বিষহ কর্মকাণ্ড। হয়তো এর কোনো সত্য, কোনোটা নয় – কিন্তু গোটা ক্রিকেট বোর্ডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিসিবির আর্থিক অসঙ্গতি।

অক্রিকেটীয় বিষয়ের শেষ এখানেই নয়। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য একজন খেলোয়াড় নিষিদ্ধ হলেন। তাঁর ঢাল হয়ে হাজির হলেন একজন সিনিয়র ক্রিকেটার। কিছুটা ক্ষমতার অপব্যবহার হল। মব জাস্টিসের ক্রিকেটীয় রূপান্তর দেখল বাংলাদেশের ক্রিকেটার। আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার পদত্যাগ করলেন।

দেশের ক্রিকেটে মাঠের চেয়ে মাঠের বাইরের খেলায় বেশি মনোযোগী সবাই। সামনেই বিসিবি নির্বাচন। সেটা যত এগিয়ে আসবে, খেলা থেকে নজর তত কমবে। অন্য আর্র নানারকম খেলায় মনোযোগ দেবে বোর্ড ও বোর্ড সংশ্লিষ্ট অনেক কুশীলব। অথচ, সাগরিকায় টাইগারদের দ্বিতীয় টেস্টে ৫০ টাকার টিকেট কিনেও কেউ খেলা দেখতে চাচ্ছে নাহ, সেদিকে নেই কারো ভ্রুক্ষেপ।

দেশের ক্রিকেটে ক্রিকেট ছাড়া সবই আছে। অনিয়ম থেকে শুরু করলেই কান পাতলে ফিক্সিংয়ের ফিসঁফিসানিও শোনা যায়। জিম্বাবুয়ের মত দল বলেকয়ে হারাচ্ছে বাংলাদেশ দলকে, দেশের মাটিতে। আত্মবিশ্বাস ফেরাতে আরব-আমিরাতের সাথে খেলার পরিকল্পনা হচ্ছে। সামনে কি ঘোরতর অমানিষা? এই অন্ধকার কাটাতে পারে কেবলই মাঠের পারফরম্যান্স, আর কিছুই না!

Share via
Copy link