এশিয়া কাপ ২০২৫ শুরু হওয়ার আগে ভারতের সবচেয়ে বড় ভরসার নাম অধিনায়ক সুরিয়াকুমার যাদব। বিশ্ব টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার, শেষ কয়েক বছরে ব্যাট হাতে একের পর এক ঝড় তোলা এই ক্রিকেটারকে ঘিরেই ভরসার চোখে তাকিয়ে আছে টিম ইন্ডিয়া।
২০২৩ আসরে শিরোপা জেতা ভারত এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু— দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখানকার উইকেট যেমন স্পিন সহায়ক, তেমনি ব্যাটারদের জন্যও থাকে নানা চ্যালেঞ্জ। আর এই মাঠেই সুরিয়াকুমারের পরিসংখ্যান নিয়ে এখন শুরু হয়েছে নতুন করে আলোচনা।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুবাইতে যেন একেবারেই নিজেকে খুঁজে পাননি তিনি। আইপিএলের সামগ্রিক স্ট্রাইক রেট যেখানে ১৪৮-এর ওপরে, সেখানে দুবাইয়ে মাঠে নামলেই যেন চুপসে যায় সুরিয়ার ব্যাট।

দুবাইয়ে তাঁর আইপিএল স্ট্রাইক রেট ১০৭.৪৫, গড় ১৬.৮৩, ম্যাচ খেলেছেন আটটি। তবে, ভারতের জার্সিতে বদলে যায় চিত্র। ভারতীয় জার্সি গায়ে চাপালেই যেন অন্য মানুষ হয়ে ওঠেন সুরিয়া।
তবে, এই পরিসংখ্যানেও আছে শুভঙ্করের ফাঁকি। এই বিরাট স্ট্রাইক রেটের মাঝেও লুকিয়ে আছে এক অস্বস্তিকর সত্যি — বড় দলের বিপক্ষে তিনি এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে মোট রান মাত্র ৪২। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের ইনিংস, স্ট্রাইক রেটও কেবল ১১৭। কিন্তু, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন চোখ ধাঁধানো সব ইনিংস খেলেছেন। যেমন হংকংয়ের বিপক্ষে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৬১ স্ট্রাইক রেট নিয়ে!

অর্থাৎ, ছোট দলের বিপক্ষে ‘ব্লাস্টার’, কিন্তু বড় দলের সামনে এলেই সূর্যের আলো যেন ম্লান হয়ে যায়। সামনে এশিয়া কাপ— ভরসার আলো, নাকি পুরোনো অমাবশ্যা?
বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। কিন্তু প্রশ্ন একটাই— এশিয়া কাপে দুবাই স্টেডিয়ামের পুরোনো সংকট কাটিয়ে উঠতে পারবেন তো? পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারবেন তো?
ভারতের শিরোপা রক্ষার সমীকরণে সুরিয়াকুমার যাদবই সবচেয়ে বড় ভরসা। তবে সেই ভরসা পূর্ণতার আলো দেখাবে, নাকি আবারও ব্যর্থতার আঁধারে ঢেকে যাবে— সেটাই এখন দেখার অপেক্ষা।











