দুই ওপেনারের বিদায়, এরপর হুসেইন তালাতের এক ওভার। এই দুই জায়গাতেই শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। পাকিস্তান দল এই দু’টি জায়গায় নিজেদের বোলিং নিয়ে পুরোপুরি সফল।
চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের প্রাণ ভোমরা তাঁদের দুই ওপেনার। কিন্তু, তাঁদের বিপক্ষে শাহীন শাহ আফ্রিদি ছিলেন রুদ্রমূর্তিতে।
পুরো আসর জুড়েই রানের মধ্যে আছেন পাথুম নিশাঙ্কা। এই এশিয়া কাপেই দু’টো হাফ সেঞ্চুরি পেয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস। রানে ছিলেন সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও।

কিন্তু, প্রথম তিন ওভারের মধ্যেই সেই দু’জনকে ছেটে ফেলেন শাহীন আফ্রিদি। শ্রীলঙ্কার ইনিংসে এরপরের বড় আঘাত আসে অষ্টম ওভারে। এবার হন্তারক হুসেইন তালাত।
দ্বিতীয় ও তৃতীয় বলে তিনি ফিরিয়ে দেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা আর দাসুন শানাকাকে। আসালাঙ্কা ১৯ রান করে ফিরে যান, আর শানাকা রানের খাতাই খুলতে পারেননি। এই শানাকাই গেল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৬৪ রান করেন।
টানা দুই উইকেট নিয়ে চমকে দেন মিডিয়াম পেসার হুসেইন তালাত। প্রথমে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের হারিস রউফ দৌড়ে এসে কোনো ভুল না করে তালুবন্দি করলেন আসালাঙ্কাকে।

শানাকার বিপক্ষে অফ স্টাম্পের বাইরে ব্যাক অব আ লেংথে ক্রস-সিম ডেলিভারি করেন তালাত। শানাকার পা যেন সিমেন্টে আটকে গেল—নড়লই না। ব্যাট বাড়ালেন, কিন্তু হালকা এক এজ হলো। গ্লাভস পেছনে মোহাম্মদ হারিস সেটাই ধরে ফেললেন নিখুঁতভাবে।
শ্রীলঙ্কা আট ওভার না পেরোতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে আর আদৌ ব্যাটিংয়ে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। আট উইকেট হারিয়ে ১৩৩ রান জমা করে বোর্ডে।










