অঘোষিত সেমিফাইনালে কেমন হবে বাংলাদেশের একাদশ?

ভারতের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

ভারতের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ভারতের বিপক্ষে ম্যাচটি ততটাও গুরুত্ববহ ছিল না, যতটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। কেননা বাংলাদেশ-পাকিস্তান লড়াইটা যে ফাইনালের ওঠার দ্বৈরথ। যে দল জিতবে সেই পাবে এবারের এশিয়া কাপের ফাইনালের টিকিট।

এমন ম্যাচে একাদশ নিয়ে খুব একটা খামখেয়ালি করবার সুযোগ নেই। তাইতো লিটন দাস ফিট থাকলে তিনি থাকবেন একাদশে। তার জায়গায় পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ হাসান তামিম- কে বাদ পড়বেন সেটা নিয়ে রয়েছে সংশয়। এবারের এশিয়া কাপে একটিমাত্র ম্যাচে নিজের সামর্থ্যের প্রকাশ ঘটাতে পেরেছিলেন তানজিদ তামিম। আফগানিস্তানের বিপক্ষে ৫২ রান ছাড়া তিনি বাকি সব ম্যাচেই হয়েছেন ব্যর্থ।

অন্যদিকে পারভেজ হোসেন ইমনেরও একই পরিস্থিতি। যদিও ভারতের বিপক্ষে ইমন মোটামুটি রানে ফেরার আভাস দিয়েছিলেন। এখন এই একটা জায়গায় বেশ দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন টাইগারদের টিম ম্যানেজমেন্ট। তাছাড়া লিটনের ইনজুরি সাইড স্ট্রেইনে।

লিটন একাদশে ফিরলেও উইকেট কিপিং করবেন কি-না তা নিয়েও সংশয়। অন্যদিকে জাকের আলি অনিক দস্তানা হাতে নিরাশ করেছেন ভারত ম্যাচে। অভিষেক শর্মার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছেন তিনি।

সেদিকটা মাথায় রেখে দলে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি হতে পারে। সে জন্য হয়ত একাদশে নিজের জায়গা ছাড়তে হবে শামীম হোসেন পাটোয়ারিকে। তিনিও ব্যর্থতার দোলাচলের মধ্যেই দিনাতিপাত করছেন। তার পরিবর্তে সোহান একটা সুযোগ পেতেই পারেন। এছাড়া স্পিন আক্রমণে নাসুমের পরিবর্তে শেখ মেহেদী হাসান অন্তর্ভুক্ত হতে পারেন।

ভারতের বিপক্ষে ম্যাচের পর রিশাদকে একাদশের বাইরে রাখার যৌক্তিকতা নেই। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিন একটি মাত্র সুযোগ পেয়েছিলেন, তবে সেটাও কাজে লাগাতে পারেননি। তার পরিবর্তে বিশ্রামে থাকা তাসকিন আহমেদের একাদশে ফেরা অবধারিত। সুতরাং তিন পেসার, দুই স্পিনার দিয়ে মূলত তৈরি হবে বাংলাদেশের বোলিং আক্রমণ। প্রয়োজনের মুহূর্তে সাইফ হাসান হাত ঘোরাতে পটু।

বাংলাদেশের (সম্ভাব্য) একাদশ:পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link