একপাশে সবাই যখন ভারতের বৈভব সুরিয়াভানশির ব্যাটিং তাণ্ডবে বুদ হয়ে আছে, অন্যপাশে নীরবে ১৭৭ রানের হার না মানা এক অনবদ্য ইনিংসের জন্ম দিয়েছেন পাকিস্তানের সামির মিনহাস। একই ম্যাচে আহমেদ হুসাইনও লিখেছেন ১৩২ রানের স্মরণীয় এক ইনিংসের গল্প।
যুব ওয়ানডে এশিয়া কাপে একই দিনে ভারত-পাকিস্তান ম্যাচ। একে অপরকে প্রতিপক্ষ হিসেবে না পেলেও দুই দলের প্রতিযোগিতা যেন হয়েছে সমানে সমানে। যার কেন্দ্রীয় চরিত্র ওই তিন নাম, বৈভব, মিনহাস এবং হুসাইন।

পাকিস্তানের প্রথম অ্যাসাইনমেন্টটা মালয়েশিয়ার বিপক্ষে। আগে ব্যাট করতে নেমে চার রানে প্রথম উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে পাকিস্তান। ৩০ রানে চলে যায় আরও একখানা। উইকেটে তখন মিনহাস এবং হুসাইন। গল্পটা ওখান থেকেই শুরু।
মালয়েশিয়ার বোলারদের কোনো সুযোগ দেননি। ইনিংস গড়তে থাকলেন টিপিক্যাল ওয়ানডে স্টাইলে। ভালো বলটাকে সমীহ করেছেন, বাজেটা সীমানা দড়ির ওপারে। স্ট্রাইক রোটেট করে সচল রেখেছেন রানের চাকাটাও। দুজনের জুটি এক অর্থেই চোখধাঁধানো।

দুজনে মিলে পাকিস্তানের স্কোরবোর্ডে যোগ করেছেন ২৯৩ রান। ১১৪ বলে ১৩২ রান করে দুর্দান্ত এক ইনিংসের সমাপ্তি টানেন হুসাইন। তবে থামেননি মিনহাস। একপ্রান্ত আগলে রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত, উইকেটে থেকে রচনা করেন ১৭৭ রানের মহাকাব্য। পুরোটা সময় তাঁকে কেউ টলাতে পারেনি এক চুলও। পাকিস্তানের স্কোরবোর্ডও তাই দিনশেষে হয়েছে সমৃদ্ধ, জমা পড়েছে ৩৪৫ রান।
Share via:











