বিপিএলে ঘূর্ণি জাদুর বা-হাতি ফর্দ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে, সেরা বা-হাতি স্পিনারদের পরিসংখ্যান ঘাটতে গিয়ে সবার উপরেই পাওয়া গেল সাকিবকে। তাইজুল ইসলামও আছেন সেরা পাঁচে। 

রেকর্ড বইয়ের পাতায় হাত বুলালে দেখা যাবে, সাকিব আল হাসানের নামটা সব জায়গায় বিরাজমান। এই যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, সেরা বা-হাতি স্পিনারদের পরিসংখ্যান ঘাটতে গিয়ে সবার উপরেই পাওয়া গেল তাকে। টেস্ট বোলারের তকমা পাওয়া তাইজুল ইসলামও আছেন সেরা পাঁচে।

  • তানভীর ইসলাম

মোট চারটি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে তানভীর ইসলাম খেলেছেন বিপিএল। এর মধ্যে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মত দলগুলোও রয়েছে। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ শুরু করেছেন তানভীর। বিপিএলে তার নামের পাশে আছে ৫৮টি উইকেট। ৭.১৩ ইকোনমিতে রান দিয়েছেন তিনি। ১৩ রানে চার উইকেট বাগানোর কীর্তি আছে তার ঝুলিতে। ৫৭ ম্যাচ খেলে ৫৪ ইনিংসে বোলিং করেছেন তানভীর।

  • তাইজুল ইসলাম 

টেস্ট বোলার হিসেবেই প্রসিদ্ধ হয়েছেন তাইজুল ইসলাম। সাদা বলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা কখনোই বিকশিত হওয়ার সুযোগ পায়নি সেই অর্থে। তবুও বিপিএলে উইকেট শিকারে পিছিয়ে নেই তিনি। বা-হাতি স্পিনারদের মধ্যে, চতুর্থ সর্বোচ্চ উইকেট রয়েছে তার ঝুলিতে। ৭৭ ইনিংসে বল করে ৬১ উইকেট বাগিয়েছেন তাইজুল। ৭.২৬ ইকোনমিতে রান বিলিয়েছেন তাইজুল।

  • নাজমুল ইসলাম অপু 

নাগিন সেলিব্রেশনে নাজমুল ইসলাম অপু বেশ আলোচিত চরিত্র বনে গিয়েছিলেন। যার বিস্তার ঘটেছে বিপিএলের মঞ্চ থেকেই। অপু নয়টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বিপিএল। এই সময়ে ৮০ ইনিংসে বল করেছেন অপু। তার নামের পাশে উইকেট রয়েছে ৬৪টি। ৭.৬৪ ইকোনমি এই তালিকায় সর্বোচ্চ। এদিকটা জন্য তাকে নিয়ে হতে পারে সমালোচনা।

  • আরাফাত সানি

বিপিএলে সফলতার বিচারে দুই নম্বরে রয়েছেন অভিজ্ঞ আরাফাত সানি। আটটি ফ্রাঞ্চাইজির জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। ১০১টি ইনিংসে বল ছুড়েছেন বা-হাতি এই বোলার। উইকেট শিকার করেছেন ৯৭টি। তার ইকোনমি রেটটাও যথেষ্ট ভাল। ৭.০১ ইকোনমিতে রান খরচা করেছেন আরাফাত সানি।

  • সাকিব আল হাসান 

এই তালিকায় থাকা বা-হাতি স্পিনারদের মধ্যে স্রেফ সাকিব আল হাসানের ঝুলিতে রয়েছে একমাত্রা ফাইফার। বাকিদের তুলনায় বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে সাকিব বসে আছেন সবার উপরে। ১৪৯ উইকেট রয়েছে তার নামের পাশে। ইকোনমি রেট বিবেচনাতেও সাকিব বেশ কৃপণতা দেখিয়েছেন। তার প্রতিটি ওভারে মাত্র ৬.৪৯ হারে রান নিতে পেরেছেন প্রতিপক্ষ ব্যাটাররা। যা সত্যিকার অর্থেই প্রশংসনীয়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link